অবরোধ প্রত্যাহার হলে পারমাণবিক চুক্তির পথে হাঁটার পরিকল্পনা ইরানের
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি নতুন রূপরেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলি ভায়েজ জানিয়েছেন, ইসলামাবাদে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক ও ১৪-দফা পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো- দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান ঘটানো ও একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছানো। খবর আল জাজিরার।
এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শত্রুতা বন্ধের নিশ্চয়তা। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা কেবল নিজের দেশেই নয়, বরং লেবাননেও যুদ্ধের অবসান চায়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে উভয় পক্ষ তাদের অবরোধ তুলে নেবে। অবরোধ প্রত্যাহারের এই জটিল প্রক্রিয়াটি সফলভাবে শেষ হলে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ৩০ দিনের একটি সময়সীমা শুরু হবে। এই সময়সীমা প্রয়োজনে আরও বাড়ানো যাবে।
তবে আপাতত ইরানের প্রধান লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনা। যদিও বিশ্লেষকরা বলছেন, পরবর্তী ধাপগুলো বেশ চ্যালেঞ্জিং হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক