বিশ্ববাজারে লাফিয়ে কমছে তেলের দাম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পরাজয় এবং ডেমোক্র্যাটদের বিজয়ের পর বিশ্ববাজারে লাফিয়ে কমছে জ্বালানি তেলের দাম। নয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের তীব্রতা কমে আসার জোরালো সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে চলতি সপ্তাহে স্মরণকালের অন্যতম বড় দরপতন ঘটেছে। খবর রয়টার্সের।
সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ১২ শতাংশের বেশি কমেছে। টানা দরপতনে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম দুই মাসের সর্বনিম্নে নেমে আসে। এক দিনে তেলের দাম সর্বোচ্চ ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত কমে যায়। ফলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ থেকে ১০০ ডলার এবং ডব্লিউটিআই তেলের দাম ৮৭ থেকে ৯১ ডলারের ঘরে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন নির্বাচনে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক যুদ্ধ নীতির ওপর রাজনৈতিক লাগাম টানা হতে পারে। এতে করে ইরান ও মধ্যপ্রাচ্য সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থা কমার প্রত্যাশাতেই তেলের দরপতন গতি পেয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি জানান, ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে মার্কিন বাহিনীর সরাসরি হামলার কোনো বড় পরিকল্পনা নেই। মার্কিন প্রশাসনের যুদ্ধমুখী অবস্থান পরিবর্তনের এমন বার্তার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের অস্বাভাবিক মূল্যস্ফীতি দ্রুত হ্রাস পেতে শুরু করেছে।
আন্তর্জাতিক জ্বালানি তেল বিশ্লেষকরা জানান, যুদ্ধের ঝুঁকি কমে আসার খবরের পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার গুঞ্জনে তেলের চাহিদা কমার আশঙ্কাও এই দরপতনকে আরও ত্বরান্বিত করেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত না ঘটলে আগামী দিনে তেলের বাজার আরও নিম্নমুখী হতে পারে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

এনটিভি অনলাইন ডেস্ক