যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। তদন্তে সন্দেহভাজনের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে বলে জানা গেছে।
নিহত জামিল লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, তাকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। খবর সিএনএনের।
একই ঘটনায় নিখোঁজ থাকা লিমনের বন্ধু নাহিদা বৃষ্টিও (২৭) মারা গেছেন বলে তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: আমরা ‘পাগলাটে’ পৃথিবীতে বসবাস করছি : ট্রাম্প
স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি শেরিফস অফিস জানায়, হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণের জলাশয় থেকে মানবদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে, যদিও সেগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-এর বিরুদ্ধে দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে প্রসিকিউটররা বলেছেন, অপরাধের নৃশংসতা বিবেচনায় তাকে জামিন না দিয়ে কারাগারে রাখা উচিত।
তারা জানান, এই অপরাধের ভয়াবহতা প্রমাণ করে যে অভিযুক্ত মুক্তি পেলে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
তদন্তে লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি গভীর আঘাত তার লিভার পর্যন্ত পৌঁছেছিল। ১৬ এপ্রিল সর্বশেষ তাদের দেখা যায়।
অভিযুক্ত হিশাম আবুঘরবেহ প্রথমে বলেছিলেন তিনি তাদের দেখেননি। পরে মোবাইল লোকেশন দেখানোর পর বয়ান পরিবর্তন করেন তিনি।
আরও পড়ুন: তেলের দাম বাড়ল
তদন্তে আরও জানা যায়, ঘটনার দিন অভিযুক্তের গাড়ি ক্লিয়ারওয়াটার বিচ এলাকায় দেখা গেছে, যা লিমনের ফোনের অবস্থানের কাছাকাছি।
এছাড়া তার আঙুলে ব্যান্ডেজ ছিল, যা তিনি পেঁয়াজ কাটতে গিয়ে লেগেছে বলে দাবি করেন।
অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া একটি রসিদে আবর্জনার ব্যাগ, জীবাণুনাশক ও এয়ার ফ্রেশনার কেনার তথ্যও পাওয়া গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) অন্য একটি পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ তার বাড়িতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যা (দুটি অভিযোগ), মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটক রাখার অভিযোগ আনা হয়েছে।
শনিবার তাকে আদালতে তোলা হয় এবং আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রাক-বিচার শুনানি পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা পুরো কমিউনিটিতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক