অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল, আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায় স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল ‘বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন’ স্পোর্টস কার উপহার দিয়েছেন তার ব্যবসায়ী বাবা। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’য়ের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার বাসিন্দা শামসুদ্দিন মিদ্যা পেশায় একজন ব্যবসায়ী। তিনি গাড়িপ্রেমী হিসেবে পরিচিত। তার ছেলে মোহাম্মদ তালহা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করে। পড়াশোনায় ভালো হওয়ায় এবং অর্ধবার্ষিক পরীক্ষায় চমৎকার ফলাফল করায় ছেলে একটি বিএমডব্লিউ গাড়ির আবদার করে আসছিল। ছেলের সেই ইচ্ছা পূরণ করতে বাবা শামসুদ্দিন সম্প্রতি মুম্বাই গিয়ে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করে গাড়িটি কিনে নিজ এলাকায় নিয়ে আসেন।
তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় তালহা আপাতত নিজে গাড়িটি ড্রাইভ করবে না। সে জানিয়েছে, সে বর্তমানে তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। সপ্তাহে কেবল এক দিন বাবার পাশে বসে নতুন এই গাড়িতে চড়ার আনন্দ উপভোগ করবে।
ব্যবসায়ী শামসুদ্দিনের গ্যারেজে এর আগে থেকেই রেঞ্জ রোভার, ভলভো, থার ও হুন্দাই আলকাজারের মতো দামি গাড়ি রয়েছে। এছাড়া তার একাধিক গাড়ির রেজিস্ট্রেশনের শেষ সংখ্যা ‘৫৫৫’, যা বলিউড সুপারস্টার শাহরুখ খানের গাড়ির নম্বরগুলোর সঙ্গে মিল রয়েছে। ছেলের পড়াশোনার এই দারুণ সাফল্যে দেওয়া বিলাসবহুল উপহারটি বর্তমানে স্থানীয় এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক