নজরুল বিশ্ববিদ্যালয়ে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে হলের তৃতীয় তলার রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। এতে সানজিদা সুরভী নামে দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে দোলনচাঁপা হলের হাউজ টিউটর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সুমনা আক্তার সুমি বলেন, রান্নাঘরের একটি চুলার চাবিতে ত্রুটি থাকায় আগে থেকেই গ্যাস বের হচ্ছিল। ওই অবস্থায় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুন ধরে যায় এবং আতঙ্কিত হয়ে তিনি মেঝেতে পড়ে যান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও দুই হাউজ টিউটর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা প্রসঙ্গে সুমনা আক্তার সুমি বলেন, প্রাথমিক অবস্থায় হাত ভেঙে যাওয়ার আশঙ্কা করা হলেও চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় যে হাত ভাঙেনি, তবে হাড় কিছুটা সরে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই শিক্ষার্থী হলে ফিরেছেন এবং বর্তমানে সুস্থ আছেন। তবে চিকিৎসক তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে হলের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা নিয়ে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, হলে ডাইনিং সুবিধা নেই, গ্যাসের লাইন ও পানির লাইনে নিয়মিত ত্রুটি লেগেই থাকে। এমনকি খাবার পানির লাইনে মাঝেমধ্যে পাখির পালক ভেসে আসে। এ ছাড়া ওয়াশরুম ও বৈদ্যুতিক সুইচে সমস্যা থাকায় যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
হলের আবাসিক শিক্ষার্থী রিফাইয়া ইসলাম সূচনা ক্ষোভ প্রকাশ করে বলেন, হলে নানা ধরনের সুবিধার অভাব ও অবকাঠামোগত সমস্যার কথা বারবার জানানো হলেও হল প্রশাসন তা আমলে নেয় না। বিদ্যুৎ ও পানির সমস্যার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা চরম ঝুঁকি ও অবহেলার মধ্যে বসবাস করছেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে দোলনচাঁপা হলের প্রভোস্ট উম্মে ফারহানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়