বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
ওমান উপকূলে বাণিজ্যিক কন্টেইনার জাহাজে গুলি চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ বুধবার (২২ এপ্রিল) ওমানের মাস্কাট থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হামলায় জাহাজটির ‘ব্রিজ’ (চালনা কেন্দ্র) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
আরও পড়ুন : যে কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বাধ্য হলেন ট্রাম্প
সংস্থাটি জানায়, আইআরজিসির একটি গানবোট কন্টেইনার জাহাজটির নিকটবর্তী হয়ে কোনো প্রকার পূর্ব সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। জাহাজটির মাস্টার জানিয়েছেন, হামলার ফলে ব্রিজের ব্যাপক ক্ষতি হলেও জাহাজে কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত বিপর্যয়ের ঘটনা ঘটেনি। জাহাজের সব ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প!
আরও পড়ুন : ইরান যুদ্ধে অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের!
এদিকে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সি এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, ইরানি সামরিক বাহিনী একটি জাহাজের ওপর ‘সমুদ্র আইন’ কার্যকর করেছে। তেহরানের দাবি, তাদের নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল জাহাজটি। মূলত মার্কিন নৌ-অবরোধ ও সম্প্রতি ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক