নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী : ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে দায়ী করেছেন। তিনি বলেন, আমাদের হারের কারণ হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত (মঙ্গলবার) রাতে এ কথা বলেছেন। যদি আপনি যুক্তি দিতে চান যে এটা (ইরান যুদ্ধ) যথার্থ ছিল, তাহলে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোটাও যথার্থই হবে; তাহলে তাই করুন। তিনি আরও বলেন, যুক্তি দিন এই মূল্য দেওয়াটা যুক্তিযুক্ত ছিল। একমত হন বা না হন, অন্তত এটাই সততা।
বুধবার (৪ নভেম্বর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ভ্যান্স।
জে ডি ভ্যান্স বলেন, মূল সমস্যা হলো—২০২৪ সালে যারা ট্রাম্প-ভ্যান্সকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৬ সালে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা কেন হেরেছি তা সবাই জানে। আর এখন আমরা কী করব, সে বিষয়ে যেকোনো খোলামেলা আলোচনা সেখান থেকেই শুরু করতে হবে।
জে ডি ভ্যান্স বলেন, আমি আমাদের দেশ নিয়ে আশাবাদী। যারা (নির্বাচনের) ফলাফলে ক্ষুব্ধ, আপনাদের ক্ষুব্ধ হওয়াই উচিত। আসুন, এই ক্ষোভকে কাজে লাগিয়ে আমাদের দেশকে বাঁচানোর কাজে ফিরে যাই।
প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি পেয়েছিল ২১৮ আসন। ডেমোক্র্যাটদের ছিল ২১৪টি। এবার মধ্যবর্তী নির্বাচনে গতকাল বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা পেয়েছে ২৩৯আসন। রিপাবলিকানরা পেয়েছে ১৪৭ আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। ৪৯ আসনের ফলাফল ঘোষণা বাকি থাকতেই এই ‘ম্যাজিক ফিগার’ পেরিয়ে গেছে ডেমোক্রেটিক পার্টি।
প্রতিনিধি পরিষদের সব আসনে ভোট হলেও সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫ আসনে ভোট হয়েছে। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৫১টি আসন পেতে হয়। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটদের দখলে ছিল ৫৪টি আসন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির দখলে ছিল ৪৪টি। নির্বাচনের আগে সিনেটের চিত্র ছিল রিপাবলিকান পার্টি ৫৩ আসন, ডেমোক্রেটিক পার্টি ৪৫ আসন। এর বাইরে স্বতন্ত্র দুই সিনেটর সমর্থন দেন ডেমোক্র্যাটদের।

এনটিভি অনলাইন ডেস্ক