ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
এক তিক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন রিপাবলিকান ধনকুবের বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে পরাজিত করে ওহাইওর গভর্নর পদে জয়লাভ করেছেন। অ্যাক্টন ওহাইওর গভর্নর নির্বাচনে জয়ী প্রথম নারী এবং দুই দশকের মধ্যে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী।
বিবেক রামাস্বামী তাঁর নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণ ৮ কোটি ১০ লাখ ডলার ব্যয় করেছিলেন, কিন্তু জয় সুনিশ্চিত করার জন্য তা যথেষ্ট ছিল না। অন্যদিকে, অ্যামি অ্যাক্টন মাত্র ৩ কোটি ৪০ লাখ ডলার খরচ করেই বিজয়ী হয়েছেন। ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে খরচের এই বিরাট তফাত ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। এটি আবারও মনে করিয়ে দিল যে, অর্থ একটি প্রচারণায় জ্বালানি জোগাতে পারে ঠিকই, কিন্তু জয়ের নিশ্চয়তা দিতে পারে না।
২০০০-এর দশকের বেশির ভাগ সময় জুড়ে একটি গুরুত্বপূর্ণ 'ব্যাটেলগ্রাউন্ড' বা দ্বিধাবিভক্ত রাজ্য হিসেবে পরিচিত ওহাইওতে গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনেই ভোটাররা রিপাবলিকান ডেনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন—যার মধ্যে ২০২৪ সালে তিনি ১১ পয়েন্টের ব্যবধানে জয়ী হন।
এই নির্বাচনে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ ছিল মূল বিষয়বস্তু, তবে গভর্নর পদের লড়াইয়ে রামাস্বামীর প্রচার শিবির থেকে অ্যাক্টনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাকে নিয়ে একটি অত্যন্ত ব্যক্তিগত আক্রমণাত্মক বিজ্ঞাপন প্রকাশের পর প্রতিযোগিতাটি অপ্রত্যাশিত মোড় নেয়।
বিজ্ঞাপনটিতে অ্যাক্টনের মা ডোনা আর্থার বলেন যে তাঁর মেয়ে ‘তাঁর পুরো জীবনজুড়ে মিথ্যা কথা বলেছেন’। তবে এতে উল্লেখ করা হয়নি যে, আর্থারের স্বামীর বিরুদ্ধে অ্যাক্টনের শৈশবে তাঁকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল।
বিতর্কিত এই বিজ্ঞাপনটি প্রচারণার শেষ সপ্তাহগুলোতে ছায়া ফেলে। দক্ষিণ ক্যারোলাইনার সাবেক রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি এর সমালোচনা করেন, অন্যদিকে ওহাইওর বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন এটিকে ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে অভিহিত করেন।
যাইহোক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কেউ কেউ এটির পক্ষে সমর্থন জানান।
ট্রাম্প ওই বিজ্ঞাপনটিকে ‘শক্তিশালী’ হিসেবে বর্ণনা করেন এবং রামাস্বামীকে এটি প্রচার চালিয়ে যেতে উৎসাহিত করেন; অন্যদিকে রাজ্যের সাবেক সিনেটর ভ্যান্স বলেন, তিনি চান তাঁর দলের বাকি সদস্যরা যেন এই বিজ্ঞাপন নিয়ে ‘ঘ্যানঘ্যান করা’ বন্ধ করেন এবং নিজ দলের সদস্যদের এমন সমালোচনায় তিনি ‘কিছুটা বিরক্ত’ বলে জানান।
রামাস্বামী জানিয়েছিলেন, তাঁর প্রচার শিবির রাজ্যজুড়ে এই বিজ্ঞাপনটি সম্প্রচারের জন্য ৪০ লাখ ডলার ব্যয় করবে।
বিজ্ঞাপনটি প্রচার শুরু হওয়ার পর স্থানীয় ওহাইও সংবাদ মাধ্যম 'দ্য কলাম্বাস ডিসপ্যাচ'-এর সম্পাদকীয় পরিষদ অ্যাক্টনকে সমর্থন জানায় এবং বিজ্ঞাপনটিকে ‘বিতৃষ্ণাকর ও অস্বস্তিকর’ হিসেবে বর্ণনা করে।
বায়োটেক উদ্যোক্তা এই কোটিপতি ২০২৪ সালে রিপাবলিকান মনোনয়নের জন্য ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে তিনি ওহাইওর গভর্নর নির্বাচনের দিকে পা বাড়ান এবং নিজেকে ট্রাম্পের মতো এক 'রাজনৈতিক বহিরাগত' হিসেবে উপস্থাপন করেন—যিনি প্রেসিডেন্টের "আমেরিকা ফার্স্ট" এজেন্ডাকে এগিয়ে নিতে চান।
পরাজয় স্বীকার করে দেওয়া বক্তব্যে রামাস্বামী বলেন, তিনি রাজ্যের উন্নতির জন্য প্রার্থনা করছেন, পাশাপাশি অ্যাক্টনের জন্যও। তিনি বলেন, ‘লড়াইটি কঠিন ছিল। দুই পক্ষের জন্যই এটি মাঝে মাঝে অত্যন্ত তিক্ত হয়ে উঠেছিল। কিন্তু সামনের সময় হলো তাঁর নেতৃত্বের মাধ্যমে এই রাজ্যকে ঐক্যবদ্ধ করা...’
অ্যাক্টন একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মকর্তা, যিনি ব্যয় সাশ্রয়ী জীবনযাত্রার পক্ষে প্রচারণা চালানোর সময় নিজের শৈশবে গৃহহীন থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মঙ্গলবার তাঁর বিজয়ী বক্তব্যে তিনি বলেন, ‘আজ থেকেই নিরাময় প্রক্রিয়া শুরু হলো।’
অ্যামি অ্রাক্টন আরও বলেন, ‘ওহাইওবাসীর প্রতি, যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি সবার প্রতি আমার অঙ্গীকার হলো যে, ওহাইওর মানুষের জীবনযাত্রা উন্নত করতে আমি যে কারও সাথে এবং সবার সাথে কাজ করব, আর আমি সবসময়ই তা করে এসেছি।’
তথ্যসূত্র : বিবিসি ও ফার্স্টপোস্ট

এনটিভি অনলাইন ডেস্ক