দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেওয়ার খবর অস্বীকার করল ইরান
পাকিস্তানে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এই বৈঠকের সময়সূচি ঘোষণা করা হলেও তেহরান একে ওয়াশিংটনের ‘মিডিয়া গেম’ হিসেবে অভিহিত করেছে।
রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে প্রকাশিত খবর সত্য নয়। ইরান এই অস্বীকৃতির পেছনে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও অযৌক্তিক দাবি’, ‘বাস্তবতাবিবর্জিত প্রত্যাশা’ এবং ‘ঘনঘন অবস্থান পরিবর্তনকে’ দায়ী করেছে।
তেহরান আরও জানিয়েছে, ওয়াশিংটনের ক্রমাগত পরস্পরবিরোধী বক্তব্য ও চলমান নৌ-অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন, যা আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, আলোচনার এই খবরটি যুক্তরাষ্ট্রের একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ। তাদের মতে, ওয়াশিংটন মূলত ইরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে এবং কোনো ব্যর্থতার দায় তেহরানের ওপর চাপাতে এই ‘ব্লেম গেম’ বা দোষারোপের রাজনীতি শুরু করেছে।
এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামীকাল ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। তবে ইরানের এই সাম্প্রতিক ঘোষণার ফলে আগামী বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ল।

এনটিভি অনলাইন ডেস্ক