৫ দিন পর মুক্ত হলেন সাংবাদিক আবেদ, বললেন—‘আমরা সঠিক পথেই আছি’
পাঁচ দিন ইসরায়েলি পুলিশের হেফাজতে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক কর্মী আবেদ আবু শেহাদেহ। মুক্তির পর নিজ অবস্থানে অনড় থেকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের ভীত হওয়া চলবে না, সবার জন্য সমতা ও ন্যায়বিচারের লড়াই চলবে।’
মুক্তির পর ‘আরব৪৮’ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু শেহাদেহ তার গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন এবং নিজের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমাদের ভীত হওয়া চলবে না। আমরা সঠিক পথেই আছি—সবার জন্য সমতা ও ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাচ্ছি।’
সাংবাদিক আবু শেহাদেহ তাকে মুক্ত করার প্রচেষ্টার জন্য আন্তর্জাতিক সমর্থক, তার আইনি দল এবং ‘আদালাহ’ আইনি (সহায়তা) কেন্দ্রকে ধন্যবাদ জানান।
গত বুধবার ইসরায়েলি পুলিশ ও শিন বেতের কর্মকর্তারা জাফায় আবু শেহাদেহের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগ আনা হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক