হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের অবস্থান ‘অস্পষ্ট’
ইসলামাবাদে চলমান মার্কিন-ইরান শান্তি আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ‘হরমুজ প্রণালি’ ইস্যু। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অস্পষ্ট ও অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলোচনা কোনো সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না। এই অনিশ্চয়তাই মূলত শান্তি প্রক্রিয়ার টেবিলে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। খবর আল জাজিরার।
গত ১০ দিনের ব্যবধানে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর অবস্থান নিয়েছেন।
প্রথমত ট্রাম্প দাবি করেছিলেন, এই প্রণালি যুক্তরাষ্ট্রের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়। ওয়াশিংটনের এই তেলের প্রয়োজন নেই ও এর নিরাপত্তার দায়িত্ব অন্যান্য দেশের নেওয়া উচিত।
দ্বিতীয়ত এর কয়েক দিন পরেই ট্রাম্প সুর বদলে বলেন, হরমুজ প্রণালিই যুক্তরাষ্ট্রের দাবির মূল কেন্দ্রবিন্দু। এটি খোলা না রাখলে কোনো আলোচনা সম্ভব নয়।
এই দুই অবস্থানের মধ্যকার অমিল আলোচনাকে দীর্ঘায়িত ও জটিল করে তুলছে।
আজ রোববার পেন্টাগন জানিয়েছে, মার্কিন জাহাজগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এ নিয়ে ইরানের পক্ষ থেকে দ্বিমত রয়েছে। তেহরান এই প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণকে আলোচনার সবচেয়ে বড় ‘তাস’ বা কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিনিময়ে সর্বোচ্চ সুবিধা আদায় করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান যেহেতু বারবার বদলাচ্ছে, তাই পরবর্তী দফার আলোচনায় দুই দেশের মধ্যকার এই বিশাল ব্যবধান কীভাবে পূরণ হবে, তা বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক