সুন্দরবনে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণ বন্ধ
সড়কপথে সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের আকর্ষণে দিন দিন বাড়ছে এই রেঞ্জে পর্যটকদের আগ্রহ। তবে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় এবার কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ট্যুর ব্যবসায়ী ও শ্রমিকেরা।
মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী কিংবা কদমতলা- যে পথেই সুন্দরবনে প্রবেশ করুন, ট্রলার ছাড়ার পর থেকেই চোখে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ বন। বনের মাঝ দিয়ে বয়ে চলেছে খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল নদী। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি, আবার জোয়ারের সময় নদীতে ডলফিনের বিচরণ মুগ্ধ করে পর্যটকদের। তবে আপাতত সুন্দরবনের এই সৌন্দর্য উপভোগের সুযোগ সীমিত হয়ে পড়েছে পর্যটকদের জন্য।
গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ট্রলার মালিক ও শ্রমিকেরা। মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে যদি ভ্রমণের অনুমতি বন্ধ করা হয়, তাহলে তাদের কিছু করার নেই। শুক্রবার (১৩ নভেম্বর) ট্রলার মালিক ও শ্রমিকেরা একসঙ্গে আলোচনা করে তারা বিভাগীয় বন কর্মকর্তার কাছে যাবেন।
বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। তবে আগের নিয়ম অনুযায়ী এক দিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে। তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, জানতে চাইলে হাছানুর রহমান বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
বন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে জানা যায়, এর আগেও সুন্দরবনে পর্যটকবাহী নৌযান দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ জন পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)