হিমালয়ের লবুচে ইস্ট জয় করলেন তিন পর্বতারোহী
হিমালয়ের দুর্গম পাহাড়ি পথ ধরে এগিয়ে চলা। কখনো পাথুরে খাড়া ঢাল, কখনো বরফে ঢাকা বিপজ্জনক পথ। অক্সিজেনের স্বল্পতা আর হিমশীতল পরিবেশের সঙ্গে লড়াই করে অবশেষে কাঙ্ক্ষিত শৃঙ্গে পৌঁছানো। এমনই রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিযানের সফল সমাপ্তি ঘটিয়েছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তিন সদস্য।
নেপালের হিমালয় পর্বতমালার ছয় হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে ইস্ট শৃঙ্গ জয় করা তিন পর্বতারোহী হলেন প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির। বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে তাঁরা ১৪ নভেম্বর এই শৃঙ্গ জয় করে ইতিহাসে যুক্ত করেছেন এক গৌরবময় অধ্যায়।
‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’-এ অংশ নিতে দলের সদস্যরা ঢাকা থেকে বিভিন্ন সময়ে নেপালের উদ্দেশে যাত্রা করেন। ৭ নভেম্বর ফাকদিংয়ে একত্রিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তাঁদের মূল অভিযান।
এরপর নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে ও থুকলা হয়ে শুরু হয় দীর্ঘ ট্রেকিং। হিমালয়ের বৈরী পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং উচ্চতার সঙ্গে শরীরকে অভ্যস্ত করার চ্যালেঞ্জ পেরিয়ে ১৩ নভেম্বর তাঁরা পৌঁছান পাঁচ হাজার ২০০ মিটার উচ্চতার লবুচে হাই ক্যাম্পে। সেখান থেকেই শুরু হয় চূড়ান্ত শৃঙ্গারোহণের প্রস্তুতি। সামনে অপেক্ষা করছিল অভিযানের সবচেয়ে কঠিন ও রোমাঞ্চকর পর্ব।
১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিট। চারপাশ তখন ঘন অন্ধকারে ঢাকা। হেডল্যাম্পের ক্ষীণ আলোয় পথ চিনে লবুচে ইস্টের চূড়ার দিকে যাত্রা শুরু করেন পর্বতারোহীরা। পথ ছিল পাথুরে, খাড়া ও বরফাচ্ছাদিত। দুর্গম অংশগুলো অতিক্রম করতে ব্যবহার করতে হয়েছে ফিক্সড রোপ ও জুমার। প্রতিটি পদক্ষেপে প্রয়োজন হয়েছে সতর্কতা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার।
দীর্ঘ সময়ের ক্লান্তিকর আরোহণ শেষে সকাল ৬টায় প্রথমে লবুচে ইস্টের চূড়ায় পৌঁছান প্রকৌশলী কাওছার রূপক। এরপর সকাল ৮টায় সফলভাবে শৃঙ্গ জয় করেন ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির। তিন পর্বতারোহীর এই সাফল্যে পূর্ণতা পায় বিএমটিসির লবুচে ইস্ট অভিযান।
প্রকৌশলী কাওছার রূপক এর আগে আমা দাবলামসহ ছয় হাজার মিটারের বেশি উচ্চতার একাধিক পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন। ফলে লবুচে ইস্ট অভিযানেও তাঁর অভিজ্ঞতা ছিল গুরুত্বপূর্ণ।
ডা. শাহনাজ আক্তারও পর্বতারোহণে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। ২০২৫ সালে তিনি সফলভাবে আরোহণ করেন ছয় হাজার ৪৭৬ মিটার উচ্চতার মেরা পিক। লবুচে ইস্ট জয় তাঁর পর্বতারোহণের অভিজ্ঞতায় যোগ করল আরেকটি উল্লেখযোগ্য অর্জন।
অন্যদিকে শামীম সাব্বির ২০১২ সালে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তী সময়ে ভারতের ছয় হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ শৃঙ্গেও সফলভাবে আরোহণ করেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক