স্বপ্নের বার্সেলোনায় অবহেলার শিকার, বিস্ফোরক অভিযোগ রকির
বড় ক্লাবে খেলার স্বপ্ন নিয়ে বার্সেলোনায় পা রেখেছিলেন ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি। কিন্তু স্বপ্নের সেই যাত্রা শেষ পর্যন্ত পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। ন্যু ক্যাম্পে মাত্র সাত মাসের অভিজ্ঞতা নিয়েই কাতালান ক্লাব ছাড়তে হয়েছিল তাকে। এবার পুরোনো সেই ক্ষত সামনে এনে বার্সেলোনার ভেতরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন পালমেইরাসের এই স্ট্রাইকার। সরাসরি অভিযোগ তুললেন সাবেক কোচ জাভি হার্নান্দেজের বিরুদ্ধেও।
আজ শনিবার (২৮ নভেম্বর) এস্তুদিয়ান্তেসের বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের ফাইনালের প্রস্তুতির মধ্যেই স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনায় কাটানো সময়ের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন ২১ বছর বয়সী রকি। তার দাবি, কাতালান ক্লাবে থাকাকালে কোচ জাভির কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। এমনকি তার সঙ্গে যোগাযোগও ছিল খুবই সীমিত।
রকির ভাষায়, ‘মাঝেমধ্যে কোচের সমর্থন পাওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু বার্সেলোনায় যখন গেলাম, আমি তা পাইনি। আমার সঙ্গে কেউই খুব একটা কথা বলত না, আপনি কি জানেন?’
২০২৪ সালের জানুয়ারিতে অ্যাথলেটিকো পারানায়েন্স থেকে বার্সেলোনায় যোগ দেন রকি, যিনি ফুটবল বিশ্বে ‘টিগ্রিনহো’ নামেও পরিচিত। মাত্র ১৮ বছর বয়সে ইউরোপের অন্যতম সফল ক্লাবে যোগ দেওয়ার সুযোগকে ক্যারিয়ারের স্বপ্নপূরণ হিসেবেই দেখেছিলেন তিনি। কিন্তু শুরু থেকেই শারীরিক সমস্যা ও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর পথ কঠিন করে তোলে।
সেই সময়ের স্মৃতিচারণ করে রকি বলেন, ‘১৮ বছর বয়সে আমি বার্সেলোনায় গিয়েছিলাম। বিশ্বের অন্যতম বড় ক্লাবে খেলার ব্যাপারটি আমার জন্য ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। কিন্তু অভিজ্ঞতা ছিল বাজে।’
বার্সেলোনায় যোগ দেওয়ার আগেই বড় ধরনের চোটের সঙ্গে লড়ছিলেন এই ব্রাজিলিয়ান। টিবিয়া ও ফিবুলার মধ্যবর্তী লিগামেন্টে চোট নিয়ে স্পেনে পাড়ি জমাতে হয়েছিল তাঁকে। অস্ত্রোপচারের প্রয়োজন থাকলেও তখন ফিজিওথেরাপির মাধ্যমে সেরা শারীরিক অবস্থায় ফেরার চেষ্টা করছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেননি।
রকি বলেন, ‘অনেক ব্যথা নিয়ে আমি এসেছিলাম। ওই সময়ে আমার ফিজিওথেরাপি দিতে হচ্ছিল এবং চেষ্টা করছিলাম সম্ভাব্য সেরা শারীরিক অবস্থায় থাকার। কিন্তু শেষ পর্যন্ত আমরা সফল হইনি। ফুটবলে যে স্তরের পারফর্ম করা দরকার, আমি সেটা পারিনি।’
শুধু চোট নয়, নতুন পরিবেশ ও ভাষাগত জটিলতাও তাঁর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তরুণ বয়সে ব্রাজিল ছেড়ে স্পেনে গিয়ে নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। রকির মতে, একজন তরুণ ফুটবলারের নিজের সামর্থ্য প্রমাণের জন্য যে সময় ও সহযোগিতা প্রয়োজন, সব সময় তা পাওয়া যায় না।
তবে বার্সেলোনার প্রতি কোনো ক্ষোভ জমিয়ে রাখতে চান না রকি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন তাঁর লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শিখেছিলাম, যাই ঘটুক না কেন আমাদের পরিশ্রম করে যেতে হবে এবং সামনে যে সুযোগ আসবে, তা কাজে লাগাতে হবে। এখন আমাদের একটি নতুন গল্প লিখতে হবে।’
বার্সেলোনায় যোগ দেওয়ার কয়েক মাস পরই ধারে রিয়াল বেতিসে চলে যান রকি। এরপর ২০২৫ সালের শুরুতে স্প্যানিশ ফুটবলের অধ্যায় শেষ করে ব্রাজিলে ফিরে যান তিনি। বর্তমানে পালমেইরাসের হয়ে নতুন করে নিজের ক্যারিয়ার গড়ার লড়াইয়ে ব্যস্ত এই তরুণ স্ট্রাইকার।
বার্সেলোনার মতো স্বপ্নের ক্লাবে গিয়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও অতীতকে পেছনে ফেলে নতুন গল্প লেখার প্রত্যয় রকির। এবার দেখার বিষয়, ব্রাজিলের মাটিতে সেই নতুন গল্প কতটা সফলভাবে লিখতে পারেন ‘টিগ্রিনহো’।

স্পোর্টস ডেস্ক