আর্সেনালেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখছেন ওডেগার্ড
আর্সেনাল ছাড়ার কোনো পরিকল্পনা নেই মার্টিন ওডেগার্ডের। নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু না হলেও এমিরেটস স্টেডিয়ামেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখছেন গানারদের অধিনায়ক। এর মধ্যে নরওয়েজিয়ান এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে জার্মান ক্লাবটির আগ্রহ কিংবা চুক্তি নবায়নের অনিশ্চয়তা-- কোনোটিই আপাতত ভাবাচ্ছে না ওডেগার্ডকে।
আজ শনিবার (২৮ নভেম্বর) আর্সেনালে আরও অনেক বছর থাকার ইচ্ছার কথা জানিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন নরওয়েজিয়ান এই মিডফিল্ডার। নতুন চুক্তির বিষয়ে ক্লাবের সঙ্গে এখনো কোনো আলোচনা শুরু না হলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন ২৭ বছর বয়সী ওডেগার্ড। নরওয়ের টেলিভিশন চ্যানেল টিভি টুকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্সেনালে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখানে খুব খুশি। আশা করি, আরও অনেক দিন থাকতে পারব। তবে এ নিয়ে এখনো আমাদের আলোচনা শুরু হয়নি।’
চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেও জানিয়েছেন আর্সেনাল অধিনায়ক। নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো চাপ নেই। আমি যেখানে আছি, সেখানে খুব ভালো আছি। সবকিছু ভালোভাবেই চলছে। বিষয়টি নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি এখানে আরও অনেক দিন থাকতে চাই এবং সময়টা উপভোগ করছি।’
২০২৮ সালের জুন পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি রয়েছে ওডেগার্ডের। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে স্থায়ীভাবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে পান অধিনায়কের দায়িত্বও।
গত মৌসুমে চোটের কারণে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল এই মিডফিল্ডারকে। তবে চলতি মৌসুমে লিগের প্রথম ১০ ম্যাচেই খেলেছেন তিনি। এ সময়ে তিনটি গোলও করেছেন নরওয়ের এই তারকা।
এরই মধ্যে ওডেগার্ডকে নিয়ে দলবদলের বাজারে বায়ার্ন মিউনিখের আগ্রহের খবর সামনে এসেছে। তবে জার্মান ক্লাবটির সঙ্গে কোনো চুক্তি কিংবা সম্ভাব্য দলবদল নিয়ে অগ্রগতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। সব জল্পনার মধ্যেও ওডেগার্ডের বক্তব্যে স্পষ্ট, আপাতত আর্সেনাল ছাড়ার কোনো ভাবনা নেই তার। বরং উত্তর লন্ডনের ক্লাবটিতেই আরও দীর্ঘ সময় কাটাতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক