সূর্যবংশীকে থামানোর কৌশল জানালেন ক্রিস হ্যারিস
প্রথম বল থেকেই তাণ্ডব, ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের জন্য রীতিমতো আতঙ্কের নাম বৈভব সূর্যবংশী। বয়সে তরুণ হলেও ব্যাটিংয়ে তার আগ্রাসন, অবিশ্বাস্য পাওয়ার হিটিং আর শটের বাহারি সম্ভারে ইতোমধ্যেই নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের। তাকে থামাতে হিমশিম খেতে হয় অভিজ্ঞ বোলারদেরও। তবে এই বিধ্বংসী ব্যাটারকে বাগে আনার একটি কৌশল বাতলে দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস হ্যারিস। তার মতে, সূর্যবংশীর বিপক্ষে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে গতির চেয়ে বৈচিত্র্য, আর বোলিংয়ে এমন কিছু করতে হবে, যাতে ব্যাটার নিজেই দ্বিধায় পড়ে যান।
আজ শনিবার (২৮ নভেম্বর) সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে হ্যারিস সূর্যবংশীকে নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন। নিজের খেলোয়াড়ি জীবনে খুব বেশি গতির বোলার ছিলেন না হ্যারিস। তবে তার ধীরগতির, অপ্রচলিত ও বুদ্ধিদীপ্ত ডেলিভারিগুলো প্রায়ই ব্যাটারদের ছন্দ নষ্ট করে দিত। ২৫০টি ওয়ানডে ও ২৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস, সূর্যবংশীর মতো আগ্রাসী ব্যাটারের বিপক্ষে গতি ও লেংথে নিয়মিত পরিবর্তন আনতে হবে।
সংবাদ সংস্থা পিটিআইকে হ্যারিস বলেন, ‘বৈভব যেহেতু বাঁহাতি, আমি সত্যিই একটু ব্যাক অব লেংথে বল করে তা তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করতাম। আমি জানি সে আমার ওপর চড়াও হতে চাইবে। কিন্তু আমরা যে ধরনের মন্থর বা ধরে রাখা উইকেটে খেলতাম, তেমন পিচে বল করলে সে মিড-উইকেট আর লেগ সাইডের ওপর দিয়ে বল মারতে চাইত।’
সূর্যবংশীর ব্যাটিং সামর্থ্যের প্রশংসা করে হ্যারিস আরও বলেন, ‘ওর দারুণ পাওয়ার আছে এবং মাঠের চারদিকেই ভালো শট খেলতে পারে। এরপর আমি এমন কিছু বল করতাম, যা ওর ওপর দিয়ে বা পাশ দিয়ে বেরিয়ে যায়। আমি শুধু বৈচিত্র্য চালিয়ে যেতাম এবং আশা করতাম ও কোনো বলে মিস করবে কিংবা এজ হবে। তবে এই ধরনের ব্যাটাররা একবার জমে গেলে, মাঝেমধ্যে তাদের থামানোর কোনো উপায়ই থাকে না।’
৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মতে, সময়ের সঙ্গে ক্রিকেটের ধরন বদলেছে আমূল। ব্যাটারদের আগ্রাসী মানসিকতা এবং বড় শট খেলার প্রবণতা বোলারদের কাজ আগের চেয়ে অনেক কঠিন করে তুলেছে। হ্যারিসের খেলোয়াড়ি জীবনে উইকেটের মন্থর আচরণ বোলারদের বাড়তি সুবিধা দিত। বল কিছুটা ধরে আসায় ব্যাটারদের জন্য সোজা ব্যাটে খেলা কিংবা নিজেদের পছন্দমতো শট খেলা সহজ ছিল না। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে।
এ প্রসঙ্গে হ্যারিস বলেন, ‘আমার মনে হয় আমরা এমন এক যুগে খেলেছি, যখন উইকেটগুলো একটু মন্থর ছিল এবং বল কিছুটা ধরে রাখত। সেটি আমাদের বোলিংয়ের ধরনের সঙ্গে মানানসই ছিল। আমরা সঠিক জায়গায় বল করতে পারতাম, আর ব্যাটারদের জন্য খেলাটা কঠিন হতো। বড় শট খেলতে চাইলেও তাদের ঝুঁকি নিতে হতো। এখন ব্যাটারদের খেলতে দেখলে মনে হয়, তাদের মধ্যে প্রায় কোনো ভয়ডরই নেই। তারা প্রতিটি বলেই বোলারদের ওপর চড়াও হতে চায়। আমি যদি আধুনিক যুগে খেলতাম, তবে প্রতিনিয়ত বৈচিত্র্য রাখতে হতো, নতুন নতুন ভ্যারিয়েশন আনতে হতো, গতি ও লেংথে অদলবদল করতে হতো।’

স্পোর্টস ডেস্ক