মেসিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হার দিয়ে
একসময় যে গ্যালারিতে মেসির নামে গর্জে উঠতো হাজারো কণ্ঠ, সেই লা বোমবোনেরার অর্ধেক আসনই এবার ছিল ফাঁকা। টিকিটের দাম কমিয়েও দর্শক টানা যায়নি। মাঠে ছিল না লিওনেল মেসি, আর তার অনুপস্থিতির প্রথম পরীক্ষাতেই হোঁচট খেল আর্জেন্টিনা। মেসিহীন যুগের শুরুটা তাই মোটেও সুখকর হলো না বিশ্বচ্যাম্পিয়নদের।
শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও উরুগুয়ে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫৮ হাজারের কিছু বেশি। অথচ উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারির তৃতীয় তলার বড় অংশ বন্ধ রাখতে হয়েছে। বিশেষ আসনের টিকিটের দাম ৪০ শতাংশ কমানো হলেও স্টেডিয়ামের প্রায় অর্ধেক আসন ছিল খালি। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবলের প্রতি দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে কি না, সেই প্রশ্নও সামনে চলে এসেছে।
মাঠের লড়াইয়েও স্বস্তি পায়নি স্বাগতিকরা। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। গত অক্টোবরে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর মেসিকে ছাড়া এটাই ছিল দলটির প্রথম ম্যাচ। একই সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি পাওয়া কোচ লিওনেল স্কালোনির নতুন মেয়াদের শুরুটাও হলো পরাজয় দিয়ে।
এই হারে শেষ হয়েছে আর্জেন্টিনার টানা ৩০ প্রীতি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। এর আগে সবশেষ ২০১৯ সালের ২২ মার্চ প্রীতি ম্যাচে হেরেছিল আলবিসেলেস্তেরা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই 'রিও দে লা প্লাতা ডার্বি'তে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে, যার মধ্যে প্রথম দুটি উরুগুয়ের সেট পিস থেকে।
৪৮ মিনিটে উরুগুয়ের ফ্রি কিক থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে বল ক্লিয়ার করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই পাঠিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দি। আত্মঘাতী গোলের ধাক্কা সামলে ওঠার আগেই পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। কর্নার থেকে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর হেডে বল জালে জড়ালে কার্যত স্তব্ধ হয়ে যায় স্বাগতিক গ্যালারি।
দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। ৭৩ মিনিটে উইং দিয়ে দুর্দান্ত দৌড়ের পর বক্সে বল বাড়ান প্রেসতিয়ান্নি। সেই ক্রস থেকেই নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। তবে সমতায় ফেরার জন্য যথেষ্ট ছিল না সেই গোল। একের পর এক সুযোগ তৈরি করেও আর জালের দেখা পায়নি স্বাগতিকরা।
উল্টো ৮১ মিনিটে দারউইন নুনেজের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে আরও বড় ব্যবধানে হারার লজ্জা থেকে বাঁচান গোলরক্ষক হেরোনিমো রুই।
লাওতারো মার্তিনেজের চোটের কারণে আক্রমণভাগে নতুন সমীকরণ সাজান স্কালোনি। থিয়াগো আলমাদাকে বাঁ প্রান্তে, হুলিয়ান আলভারেজকে মাঝখানে এবং নিকো পাজকে আক্রমণের অন্য প্রান্তে রেখে দল সাজান তিনি।
তবে নতুন এই আক্রমণভাগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। বিশেষ করে মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা নিকো পাজ নিজের ক্লাব কোমোর পারফরম্যান্সের ছাপ জাতীয় দলে রাখতে পারেননি।
ম্যাচের শুরুতে অবশ্য কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। উরুগুয়ের গোলরক্ষক ফিয়েরমারিনকে একবার সরাসরি পরীক্ষা করেন আলভারেজ। ১০ মিনিটে তার আরেকটি শটও ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ১৫ মিনিটে এনজো ফার্নান্দেজের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। কিন্তু এই কয়েকটি মুহূর্ত ছাড়া প্রথমার্ধে আর্জেন্টিনার চেনা আক্রমণাত্মক ফুটবল খুব একটা চোখে পড়েনি।
লা বোমবোনেরায় উরুগুয়ের কাছে এটি আর্জেন্টিনার টানা দ্বিতীয় হার। এর আগে ২০২৩ সালের ১৭ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একই মাঠে ২-০ গোলে হেরেছিল তারা। টানা ১৪ ম্যাচ জয়ের পর সেটিই ছিল আর্জেন্টিনার প্রথম পরাজয়।
এবারের ম্যাচে অন্তত একটি গোল করতে পেরেছে আর্জেন্টিনা। গোলটি করেছেন আলভারেজ, যার গোল করা ম্যাচে এর আগে কখনো হারেনি দলটি। তবে সেই ধারাও শেষ হলো উরুগুয়ের বিপক্ষে।
দুই দলই এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর উরুগুয়ের কোচের দায়িত্ব নেওয়া কিংবদন্তি দিয়েগো ফোরলানের অধীনে এটি দলটির তৃতীয় জয়। অন্যদিকে আর্জেন্টিনার কোচ হিসেবে ১০৮ ম্যাচে এটি স্কালোনির ১১তম পরাজয়।
মেসিকে ছাড়া নতুন পথচলায় আর্জেন্টিনার সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, উরুগুয়ের বিপক্ষে এই হার যেন তারই প্রথম ইঙ্গিত।

স্পোর্টস ডেস্ক