ফারহান আলীকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ
অনেক ফুটবলার এসেছেন, অনেকেই আসবেন। কিন্তু সময়ের স্রোতে নিজের প্রতিভা আর পারফরম্যান্স দিয়ে আলাদা জায়গা করে নিতে পেরেছেন কয়জন? এবার সেই জায়গা নিজের করে নেওয়ার স্বপ্ন দেখছেন ফারহান আলী ওয়াহিদ। তাকে ঘিরেই এবার দক্ষিণ এশিয়ার ফুটবলে বড় ভবিষ্যতের ছবি আঁকলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি।
বাংলাদেশ ফুটবলের তরুণ প্রতিভা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তার মতে, আগামী এক দশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকায় পরিণত হবেন ফারহান। তাকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে কোচ আবদুল্লাহ আল মুতাইরি বলেন, “ফারহান আলী ওয়াহিদ আগামী ১০ বছরে সাউথ এশিয়ার সবচেয়ে বড় তারকা হবে!”
শুধু ফারহানের প্রশংসাই নয়, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে নিজের দলের খেলোয়াড়দের জন্য মজার এক সতর্কবার্তাও দিয়েছেন এই কোচ। তিনি বলেন, “বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিন ফারহান আলী ওয়াহিদের জার্সি আমার। কোন ফুটবলার নিলে তাকে আমি এক ম্যাচ সাসপেন্ড করবো। হামজার জার্সি যার ইচ্ছে হয় নিতে পারবে!”
আবদুল্লাহ আল মুতাইরির এমন মন্তব্যে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় তারকা হওয়ার সম্ভাবনা নিয়ে শ্রীলঙ্কার কোচের এমন প্রশংসা নিঃসন্দেহে ফারহানের জন্য বড় স্বীকৃতি।

স্পোর্টস ডেস্ক