সাফ চ্যাম্পিয়নশিপ
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, খেলা কবে-কখন?
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য ছিল স্বাগতিকদের। সেই লক্ষ্য পূরণ হয়েছে ষোলআনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদদের দারুণ পারফরম্যান্সে লঙ্কানদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে গেছে বাংলাদেশ।
আজ বুধবার (১১ নভেম্বর) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এখন লাল-সবুজের সমর্থকদের মনে প্রশ্ন হলো সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচ খেলে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে এক ড্র আর হারে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ভুটান। ভুটানের সমান এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে ২ ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। আর দুই ম্যাচ খেলে এক জয় আর এক হারে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে এসেছে পাকিস্তান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দলের সঙ্গে। সেই হিসেবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
আগামী শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালের দুইটি ম্যাচ। বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে। এর আগে বিকেল সাড়ে ৩টায় আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান।

স্পোর্টস ডেস্ক