ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় ভুটান, আত্মবিশ্বাসী কোচ
ফুটবলের মাঠে ব্যবধানটা কেবল জনসংখ্যা কিংবা শক্তির নয়, কখনো কখনো সাহস আর আত্মবিশ্বাসও বদলে দিতে পারে সব হিসাব। একদিকে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত, অন্যদিকে দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে আসা ভুটান। কাগজে-কলমে লড়াইটা একপেশে মনে হলেও প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভীত নয় ‘ড্রাগন বয়েজ’রা। বরং ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দলটি। সেই স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসের কথাই শোনালেন ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস।
আগামীকাল ১৪ নভেম্বর (শনিবার) সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ভুটানের সেমিফাইনালে ওঠার পথটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না। টুর্নামেন্টের শুরুতেই বাংলাদেশের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল তাদের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নেয় দলটি। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয়ই ভুটানের শেষ চারে ওঠার পথ নিশ্চিত করে।
দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সাফল্যকে বিশেষ অর্জন হিসেবেই দেখছেন ভুটান কোচ। তবে সেমিফাইনালে ওঠাকেই চূড়ান্ত সাফল্য ভাবতে নারাজ তিনি। ফিলিপসের লক্ষ্য এখন ফাইনালের টিকিট নিশ্চিত করা।
কোচের ভাষায়, ‘আমাদের জন্য, দেশের ফুটবল পরিবার এবং খেলোয়াড়দের জন্য এটি দারুণ রোমাঞ্চকর সময়। আমরা শুধু সেমিফাইনালে উঠে সন্তুষ্ট থাকতে চাই না। আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং জয়ের জন্য লড়ব। ফাইনালে উঠতে পারলে সেটি হবে ভুটানের ফুটবলের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা।’
তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সমস্যা কিছুটা ভাবাচ্ছে ভুটান শিবিরকে। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে থাকলেও ম্যাচের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী কোচ।
অন্যদিকে পরিসংখ্যান ও অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে আগের তিনবারের মুখোমুখি লড়াইয়েই ভুটানকে হারিয়েছে তারা। ফলে চতুর্থবারের দেখাতেও ভারতকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। কিন্তু অতীতের সেই পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন ফিলিপস।
ভারতের শক্তিমত্তা স্বীকার করেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন ভুটান কোচ। তিনি বলেন, ‘ভারত অত্যন্ত শক্তিশালী দল। ফুটবলে তাদের অভিজ্ঞতাও অনেক। ভারতের জনসংখ্যা প্রায় দেড় শ কোটি, আর ভুটানের মাত্র আট লাখের মতো। জনসংখ্যা, ফুটবল সংস্কৃতি ও অভিজ্ঞতায় দুই দলের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তারপরও এটি আমাদের জন্য বড় একটি সুযোগ। আমরা কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
২০০৮ সালের পর প্রথমবার সাফের শেষ চারে জায়গা করে নেওয়ায় খেলোয়াড়দের ওপর বাড়তি প্রত্যাশা ও চাপ থাকাটাই স্বাভাবিক। তবে সেই চাপকে ইতিবাচকভাবে নেওয়ার পরামর্শ দিয়েছেন কোচ। তার মতে, নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে পরিচিতি পাওয়ারও বড় মঞ্চ এটি।
ফিলিপস বলেন, ‘চাপ সামলানোও ফুটবলের একটি অংশ। খেলোয়াড়দের সামনে নিজেদের প্রমাণ করার এবং ক্যারিয়ার এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছে। তারা ভালো খেলতে পারলে বড় বড় দেশের ক্লাব ও দলগুলোর নজরে আসতে পারে।’
এদিকে একই দিন সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক