রেকর্ড গড়েও থামতে চান না হ্যারি কেইন
রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েও থামার কোনো তাড়া নেই হ্যারি কেইনের। সময়ের সীমানা পেরিয়ে ইংল্যান্ডের জার্সিতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চান এই গোলমেশিন। ইংল্যান্ডের জার্সিতে ১২৬ ম্যাচ খেলার নতুন মাইলফলক স্পর্শ করার পরও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান হ্যারি কেইন। যতদিন নিজের সামর্থ্য দিয়ে দলকে সহযোগিতা করতে পারবেন, ততদিনই ইংল্যান্ডের হয়ে মাঠে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন অধিনায়ক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন কেইন। এই জয়ের মধ্য দিয়ে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মাসে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেন। এবার ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। এর আগে ১২৫ ম্যাচ নিয়ে রেকর্ডটি ছিল সাবেক গোলরক্ষক পিটার শিলটনের দখলে।
কেইনের এই বিশেষ অর্জন উদ্যাপনে ম্যাচের আগে ওয়েম্বলিতে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। সেখানে উপস্থিত ছিলেন শিলটন ও ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রিন্স উইলিয়াম। খেলা শুরুর আগে কেইনের ছবি ও 'ইংল্যান্ডের সেরা' লেখা বড় একটি ব্যানার উন্মোচন করা হয়। এ সময় দর্শকদের সামনে নিজের ব্যালন ডি’অর ট্রফিও তুলে ধরেন ইংল্যান্ড অধিনায়ক। পুরো আয়োজনকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
হ্যারি কেইন বলেন, ‘আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। খুব বেশি হাসি কিংবা আবেগ প্রকাশ করতে চাইনি। বরং ম্যাচের প্রতি মনোযোগ ধরে রাখাই ছিল মূল লক্ষ্য।’
নিজের অর্জনগুলোর গুরুত্ব এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি জানিয়ে কেইন আরও বলেন, ‘সত্যি বলতে, এসব সাফল্যের তাৎপর্য এখনো সেভাবে উপলব্ধি করা হয়নি। শীতকালীন বিরতিতে কয়েক সপ্তাহের ছুটি পেলে হয়তো সবকিছু নিয়ে ভাবার সময় পাব। কোনো সমুদ্রসৈকতে বসে পেছনের দিনগুলোর দিকে তাকাব। কারণ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর তালিকায় এগুলো অবশ্যই থাকবে।’
ক্যারিয়ার দীর্ঘ করার অনুপ্রেরণা হিসেবে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের কথাও উল্লেখ করেছেন কেইন। ৪১ বছর বয়সী এই ফুটবলারও ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন।
মদ্রিচের উদাহরণ টেনে কেইন বলেন, ‘তার পারফরম্যান্স আমাকে নিজের সামর্থ্যের সীমানা আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দেয়। আমিও দেখতে চাই, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা আমাকে কতটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।’
জাতীয় দলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের ক্যারিয়ার আলাদা। তবে যত দিন মনে হবে দলকে অবদান রাখতে পারছি এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য রয়েছে, তত দিন খেলতে চাই। ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারব কি না, সেটা ভবিষ্যতই বলে দেবে। আপাতত প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

স্পোর্টস ডেস্ক