বিশ্বকাপ জেতা হয়নি, অথচ জয় করেছেন পুরো একটা পৃথিবী!
একবার ভাবুন তো, আপনার শৈশবের সবচেয়ে প্রিয় মানুষগুলোর একজন, যাকে দেখে বড় হয়েছেন, যার খেলা দেখতে গিয়ে কত রাত নির্ঘুম কেটেছে, যার একটা গোলের জন্য অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা, সেই মানুষটি একদিন এসে বললেন, আর নয়! এবার বিদায়ের সময়। কেমন লাগবে আপনার?
হয়তো কথাটা শুনতে খুব সাধারণ। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে এই বিদায়টা শুধু একজন ফুটবলারের বিদায় নয়। এটা একটা প্রজন্মের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা ফুটবলের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি।
৫ নভেম্বর ২০২৬। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়ে দিলেন, পর্তুগালের সাত নম্বর জার্সিটা এবার ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় হয়েছে।
অথচ মানুষটা যখন শুরু করেছিলেন, তখন কি কেউ ভেবেছিল, একদিন তার নামের পাশে লেখা হবে এত এত ইতিহাস?
মাদেইরার ছোট্ট দ্বীপ থেকে উঠে আসা এক ছেলের চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। স্পোর্টিং লিসবনে পেশাদার ফুটবলে পথচলা। এরপর ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। ওল্ড ট্রাফোর্ডে প্রথমবার পা রেখেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি সাধারণ কেউ নন।
সেই ম্যানচেস্টারেই নিজেকে চিনিয়েছেন পৃথিবীকে। স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। এরপর রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যানচেস্টার, তারপর আল নাসর।
ক্লাব ফুটবলে কত গল্প, কত রেকর্ড, কত অর্জন! কিন্তু আজকের গল্পটা ক্লাবের নয়। আজকের গল্পটা সেই সাত নম্বর জার্সির, যেটা গায়ে জড়িয়ে ২৩ বছর ধরে একটা দেশের স্বপ্ন বয়ে বেড়িয়েছেন তিনি।
২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ, ১৪৬টি গোল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে দুটোই বিশ্বরেকর্ড।
২০১৬ সালে পর্তুগালের প্রথম ইউরো জয়। ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগের শিরোপা। একের পর এক ইতিহাস।
২০১৬ সালের সেই ইউরো ফাইনালের কথা মনে আছে?
ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের জন্য চিৎকার করছিলেন। চোখে ছিল অদ্ভুত এক অস্থিরতা। যেন মাঠে খেলতে না পারলেও দলটাকে জেতানোর দায়িত্ব তার কাঁধেই।
শেষ পর্যন্ত পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল। ট্রফি হাতে নিয়ে সেই কান্না, সেই আনন্দ, সেই উদ্যাপন। একজন অধিনায়কের স্বপ্ন পূরণের দৃশ্য ছিল সেটি। এমন মুহূর্ত কি কোনো পরিসংখ্যানে বোঝানো সম্ভব?
তবে একটা অপূর্ণতা থেকেই গেল।
বিশ্বকাপ!
ছয়টি বিশ্বকাপ খেলেছেন। ২০০৬ থেকে ২০২৬। ছয়টি আসরে গোল করার অনন্য ইতিহাস গড়েছেন। অথচ যে ট্রফিটা একদিন হাতে তুলে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেটি আর ছোঁয়া হলো না।
হয়তো এই একটা আক্ষেপ নিয়েই ফুটবল থেকে একদিন পুরোপুরি বিদায় নেবেন তিনি।
কিন্তু একটা কথা বলুন তো, বিশ্বকাপ জিতলেই কি একজন মানুষ কিংবদন্তি হন?
যে মানুষটিকে দেখে পৃথিবীর কোটি কোটি শিশু ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছে, যে মানুষটির খেলা দেখতে গিয়ে ভিন্ন ভাষার, ভিন্ন দেশের মানুষ একই আনন্দে চিৎকার করেছে, যে মানুষটি বারবার বুঝিয়েছেন বয়স কখনো স্বপ্ন দেখার পথে বাধা হতে পারে না, তার অর্জন কি শুধু একটা ট্রফিতে সীমাবদ্ধ?
রোনালদোর জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা হয়তো তার গোলগুলো নয়। সবচেয়ে সুন্দর গল্পটা হলো, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো।
সমালোচনা এসেছে, ব্যর্থতা এসেছে, বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তিনি থামেননি। প্রতিটি ব্যর্থতার পর নিজেকে নতুন করে তৈরি করেছেন। নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছেন। আর কোটি মানুষকে শিখিয়েছেন, প্রতিভা আপনাকে শুরুটা এনে দিতে পারে, কিন্তু পরিশ্রমই আপনাকে ইতিহাসে জায়গা করে দেয়।
আজ সেই মানুষটিই বিদায় জানাচ্ছেন আন্তর্জাতিক ফুটবলকে।
ভাবুন তো, সামনে পর্তুগালের কোনো ম্যাচ। টেলিভিশনের পর্দায় জাতীয় সংগীত বাজছে। খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কিন্তু সেখানে আর থাকবেন না সেই পরিচিত সাত নম্বর জার্সির মানুষটি।
আর কোনো বিশ্বকাপের রাতে তাকে পর্তুগালের অধিনায়ক হিসেবে দেখার অপেক্ষা থাকবে না। গোলের পর সেই পরিচিত উদ্যাপন দেখতে গ্যালারিতে আর অপেক্ষা করবেন না সমর্থকেরা।
আমরা যারা ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি, তাদের জন্য ব্যাপারটা একটু অন্যরকম।
একটা সময় ছিল, যখন মেসি-রোনালদো বিতর্ক ছাড়া ফুটবলই যেন অসম্পূর্ণ ছিল। বন্ধুরা দুই ভাগে বিভক্ত ছিল। কেউ মেসি, কেউ রোনালদো। সেই তর্ক, সেই হাসাহাসি, সেই রাত জেগে এল ক্লাসিকো দেখা, সবকিছুই আজ স্মৃতি হয়ে যাচ্ছে।
হয়তো আমরা বুঝতেই পারিনি, তার খেলা দেখতে দেখতে আমাদের নিজেদের জীবনের কতগুলো বছর পেরিয়ে গেছে। সময় সত্যিই বড় অদ্ভুত!
যে মানুষটিকে একসময় তরুণ ফুটবলার হিসেবে দেখেছিলাম, আজ তার বিদায়ের খবর পড়ছি। আমাদের জীবনেও কত পরিবর্তন এসেছে। কিন্তু একটা জায়গায় রোনালদো একই রকম থেকে গেছেন। আমাদের স্মৃতিতে। তিনি এখনো ক্লাব ফুটবলে খেলবেন। আরও গোল করবেন, হয়তো নতুন কোনো রেকর্ডও গড়বেন। কিন্তু পর্তুগালের জার্সিতে তার গল্পটা আর নতুন করে লেখা হবে না।
২৩৪ ম্যাচের গল্প শেষ। ১৪৬ গোলের গল্প শেষ। কিন্তু কোটি মানুষের ভালোবাসার গল্পটা কি কখনো শেষ হয়?
না, হয় না।
ক্রিশ্চিয়ানো রোনালদো, আপনার হাতে বিশ্বকাপ নেই। কিন্তু আপনি এমন কিছু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যারা হয়তো কোনোদিন পর্তুগালেও যাননি।
আপনার একটা গোল আমাদের আনন্দ দিয়েছে। আপনার একটা হার আমাদের মন খারাপ করিয়েছে। আপনার ফিরে আসা আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।
হয়তো কোনো একদিন আমাদের পরবর্তী প্রজন্মকে বলব, একটা সময় একজন ফুটবলার ছিলেন। নাম তার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার খেলা দেখার জন্য আমরা রাত জাগতাম। তার গোল দেখলে আনন্দে চিৎকার করতাম। আর তার বিদায়ের দিনে আমাদের সত্যিই মন খারাপ হয়েছিল।
সেদিন হয়তো তারা বুঝবে না, কেন একজন ফুটবলারের জন্য এত আবেগ। কিন্তু আমরা জানব। কারণ তিনি শুধু ফুটবল খেলেননি। আমাদের জীবনের একটা সুন্দর সময়ের সঙ্গী ছিলেন।
ধন্যবাদ, ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ জেতা হয়নি আপনার, কিন্তু জয় করে নিয়েছেন পুরো একটা পৃথিবী।
বিদায়, কিংবদন্তি। আপনার সাত নম্বর জার্সিটা হয়তো আর পর্তুগালের হয়ে মাঠে নামবে না, কিন্তু আমাদের হৃদয়ে এই জার্সির মালিকানা কোনোদিন বদলাবে না।

মুহাম্মদ আব্দুল কাইয়ুম ইফাজ