সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রযুক্তিনির্ভর ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চলমান এই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে থাকবে প্রযুক্তিটির ব্যবহার। এর ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আরও নির্ভুলতা ও স্বচ্ছতা আসবে বলে আশা করছে আয়োজকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। এছাড়াও নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজেও এই তথ্য নিশ্চিত করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাফের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটি। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় অপারেশন পরিচালিত হবে থাইল্যান্ড থেকে।
এবারের আসরে সরাসরি মাঠে ভিএআর পরিচালনার পরিবর্তে অনুসরণ করা হচ্ছে রিমোট ভিএআর পদ্ধতি। এই ব্যবস্থায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় ভিএআর অপারেশন হাবে। সেখানে নিয়োজিত প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত প্রটোকল অনুযায়ী মাঠের রেফারিকে প্রয়োজনীয় সহায়তা দেবেন।
ভিডিও পর্যালোচনার মাধ্যমে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ তাৎক্ষণিকভাবে ঢাকায় অবস্থানরত ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় স্টেডিয়ামে তৈরি করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। পাশাপাশি প্রযুক্তিগত ব্যবস্থাপনায় কোনো ধরনের বিঘ্ন এড়াতে কোয়ালিটির বিশেষজ্ঞ দল সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছে।
সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্ব পালন করতে যাওয়া সব রেফারি এবং সহকারী রেফারিকে ভিএআর ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তারা এ প্রযুক্তি পরিচালনার জন্য সনদও পেয়েছেন। আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সাফ।
এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। তিনি বলেন, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি অঞ্চলে চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ফুটবলে ভিএআর এখন অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আরও নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও খেলাধুলার সততা বজায় রাখতে এই প্রযুক্তি ভূমিকা রাখে।
সাফের প্রত্যাশা, এবারের চ্যাম্পিয়নশিপে ভিএআর ব্যবহারের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রযুক্তির আরও আধুনিকায়ন ও বিস্তারের সুযোগ তৈরি হবে।

স্পোর্টস ডেস্ক