সাফ সেমিফাইনাল
অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতে টিকিট বিক্রির চিত্র খুব একটা আশাব্যঞ্জক ছিল না। উদ্বোধনী ম্যাচের আগে টিকিট বিক্রিতে দর্শকদের আগ্রহ ছিল বেশ কম। ৩ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট টিকিটের প্রায় ৭৫ শতাংশই অবিক্রীত ছিল। ওই সময় পর্যন্ত বিক্রি হয়েছিল মাত্র ১৩ হাজার ৭৩৬টি টিকিট। সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা হওয়া এবং দর্শকদের তুলনামূলক কম আগ্রহকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট বিক্রি কার্যক্রম চলছে। দুই সেমিফাইনালের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
গ্রুপ পর্বের ম্যাচগুলো পর্যন্ত টিকিটের মূল্য প্রকাশ করেছিল আয়োজকেরা। তবে সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম আগে নির্ধারণ করা হয়নি। আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সেমিফাইনালের জন্য টিকিটের মূল্য চূড়ান্ত করা হয়।
গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ায় এবার সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই গড়াচ্ছে শেষ চারে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। বিকেল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। আর রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
টিকিট বিক্রির বর্তমান পরিস্থিতি নিয়ে সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ বলেন, ‘ইতোমধ্যে প্রায় এগারো হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা ভালোই।’ এর আগে গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা। তবে সেমিফাইনালের দুই ম্যাচের জন্য টিকিটের দাম রাখা হচ্ছে ১ হাজার টাকা।
এদিকে দ্বিতীয় সেমিফাইনাল রাত সাড়ে ৮টায় শুরু হওয়ায় দর্শকদের বাড়ি ফেরার ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল নির্ধারিত না হলে টাইব্রেকারের মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হবে। সব মিলিয়ে ম্যাচ শেষ হতে রাত প্রায় ১১টা বেজে যেতে পারে। এত রাতে খেলা শেষ করে দর্শকদের বাড়ি ফিরে পরদিন সকালে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজন এবং দ্বিতীয় ম্যাচের সময় নির্ধারণের কারণ ব্যাখ্যা করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। তিনি বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম দুটো। খেলা শেষ হওয়ার পর ড্রেসিং রুম ছাড়তে দেরি হয়। ফলে অন্য দলকে অপেক্ষা করতে হতে পারে। সব দিক বিবেচনা করে একদিনেই দুই সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।’

স্পোর্টস ডেস্ক