রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি
ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেই চোটের ঝুঁকিতে পড়ছেন রাফিনিয়া। আর সেই চোটের মাশুল দিতে হচ্ছে বার্সেলোনাকে। অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবারও তাকে জাতীয় দলের হয়ে খেলতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য বার্সা অধিনায়ককে দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
উদ্বেগের বড় কারণ ভ্রমণের দূরত্ব। আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের তথ্য অনুযায়ী, এই সফরে রাফিনিয়াকে প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আন্তর্জাতিক বিরতির পর এমন দীর্ঘ ভ্রমণ তার শারীরিক অবস্থার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়েই চিন্তিত বার্সা কোচ।
লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হান্সি ফ্লিক বলেন, ‘গত আন্তর্জাতিক বিরতি থেকে সে চোট নিয়ে ফিরেছিল। পরিস্থিতিটা আমাদের জন্য মোটেও ভালো ছিল না। এ বিষয়ে আমাদের আসলে কিছু করার নেই। সিঙ্গাপুরে যাওয়া-আসার বিষয়টি আদর্শ নয়। তবে এটি আমার নিয়ন্ত্রণে নেই, চাইলেও পরিবর্তন করতে পারব না।’
ফ্লিকের এই উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৫ গোল করা রাফিনিয়া গত সেপ্টেম্বর ও অক্টোবরে ব্রাজিলের আন্তর্জাতিক সফরে গিয়ে চোটে পড়েছিলেন। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার সূচি ছিল ব্রাজিলের। স্প্যানিশ সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, ওই সফরে তার প্রায় ৩৫ হাজার কিলোমিটার ভ্রমণের কথা ছিল।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়ায় ভারতের সফর আর করা হয়নি রাফিনিয়ার। অস্ট্রেলিয়া থেকেই স্পেনে ফিরে আসেন তিনি। চোটের কারণে লা লিগায় হেতাফে এবং চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ মিস করতে হয় তাকে। পরে মাঠে ফিরলেও মৌসুমের শুরুর দিকের দুর্দান্ত ছন্দ এখনো ফিরে পাননি বার্সার এই অধিনায়ক।
এর আগেও ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোটের শিকার হয়েছেন রাফিনিয়া। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে বার্সেলোনার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যায়নি। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোট পান এই ফরোয়ার্ড। এরপর টুর্নামেন্টের বাকি অংশে তাকে আর পায়নি ব্রাজিল। বার্সেলোনাকেও তার পুনর্বাসন ও ফিটনেস ফেরাতে বাড়তি সময় ব্যয় করতে হয়েছে।
এমন অতীত সামনে রেখেই এবার রাফিনিয়াকে বিশ্রাম দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বার্সেলোনা। কিন্তু আনচেলত্তির দল ঘোষণার সিদ্ধান্তে নতুন করে প্রশ্ন উঠেছে। নভেম্বরের প্রীতি ম্যাচের স্কোয়াডে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের দুই শক্তিশালী ক্লাব পালমেইরাস ও ফ্ল্যামেঙ্গোর কোনো খেলোয়াড়কে রাখেননি তিনি। কারণ, ক্লাব দুটির সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ঘরোয়া ম্যাচ।
এখানেই বার্সেলোনার সমর্থকদের আপত্তি। ঘরোয়া প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় যদি ওই দুই ক্লাবের খেলোয়াড়দের ছাড় দেওয়া যায়, তাহলে রাফিনিয়ার ক্ষেত্রেও একই বিবেচনা করা হচ্ছে না কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্ন তুলেছেন বার্সার অনেক সমর্থক। বিশেষ করে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি যেহেতু প্রীতি ম্যাচ, তাই রাফিনিয়াকে বিশ্রাম দেওয়ার সুযোগ ছিল বলেই মনে করছেন তারা।
ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বার্সেলোনা অধিনায়কের। কিন্তু সেই গুরুত্ব বিবেচনায় রেখেও তাকে আসন্ন সফর থেকে বিশ্রাম দেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি আনচেলত্তি। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, স্কোয়াড ঘোষণার আগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে রাফিনিয়াকে এবার দলে না রাখার অনুরোধ জানিয়েছিল বার্সেলোনা। তবে সেই অনুরোধে সাড়া দেননি ব্রাজিল কোচ।
ইউরোপের ক্লাবগুলোর চাপ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি প্রথমে দুই পক্ষের সুসম্পর্কের কথা তুলে ধরেন। তার ভাষায়, ‘ব্রাজিল ও ইউরোপের ক্লাবগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। খেলোয়াড়দের বিষয়ে আমরা নিয়মিত তাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করি। সামগ্রিকভাবে এই সম্পর্ক বেশ ইতিবাচক।’
তবে পরক্ষণেই নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। আনচেলত্তি বলেন, ‘আমাদের কাছে বিশেষ কোনো অনুরোধ আসেনি। এমন অনুরোধের প্রয়োজনও নেই। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল জাতীয় দলের জন্য যাদের গুরুত্বপূর্ণ মনে করব, তাদেরই দলে ডাকব।’
আনচেলত্তির এই বক্তব্যে রাফিনিয়াকে ছাড় দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে বার্সেলোনার উদ্বেগ আপাতত কাটছে না।
তবে পুরোপুরি হতাশ নন ফ্লিক। সরাসরি রাফিনিয়াকে দল থেকে বাদ দেওয়ার দাবি না জানালেও ব্রাজিল কোচের কাছে তার চাওয়া, জাতীয় দলের হয়ে যেন কম সময় মাঠে থাকতে হয় এই ফরোয়ার্ডকে। ফ্লিকের ভাষায়, ‘ব্যক্তিগতভাবে আমি চাই, তার খেলার সময় কিছুটা কমানো হোক। সেটা সম্ভব হলে আমি খুশি হব।’

স্পোর্টস ডেস্ক