রাফিনহার চোট ঘিরে ব্রাজিলকে বিশেষ অনুরোধ বার্সেলোনার
বারবার চোটে পড়ার কারণে রাফিনহাকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ব্রাজিলের হয়ে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে এই ফরোয়ার্ডের খেলার সময় সীমিত রাখার অনুরোধ জানিয়েছে কাতালান ক্লাবটি। এ বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনাও করেছে তারা।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর এশিয়ার আরেকটি দলের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচ সামনে রেখে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে ব্রাজিল দল। দীর্ঘ ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বার্সেলোনার অধিনায়ক রাফিনহাও। এর আগে গত মাসের আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়া সফরে ব্রাজিলের হয়ে খেলেছিলেন তিনি।
তবে জাতীয় দলের হয়ে রাফিনহার মাঠে নামার বিষয়টি নিয়ে সতর্ক বার্সেলোনা। কারণ, অতীতেও আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলে বড় বিপাকে পড়তে পারে ক্লাবটি। বিশেষ করে চলতি মৌসুমে দলের আক্রমণভাগে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে কোনো ঝুঁকি নিতে চাইছে না বার্সা।
‘গ্লোবো এসপোর্তে’র প্রতিবেদনে বলা হয়েছে, রাফিনহার খেলার সময় ব্যবস্থাপনা নিয়ে বার্সেলোনা ও সিবিএফের মধ্যে সমঝোতা হয়েছে। তাকে পুরোপুরি ফিট অবস্থায় ক্লাবে ফেরানোই দুই পক্ষের প্রধান লক্ষ্য। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে টানা তৃতীয়বার চোটে পড়ার আশঙ্কাও কমাতে চায় তারা।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৯ গোল করেছেন তিনি। এর মধ্যে লা লিগায় ১৫ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন এই ফরোয়ার্ড। স্বাভাবিকভাবেই দলের এমন গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে চোটের কারণে হারাতে নারাজ বার্সেলোনা।
রাফিনহার সাম্প্রতিক চোটের ঘটনাগুলোও ক্লাবটির উদ্বেগ বাড়িয়েছে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি। পেশির সমস্যার কারণে পরবর্তী সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও খেলতে পারেননি। বিশ্বকাপেও চোটের সমস্যা নিয়ে একটি ম্যাচ শেষ করতে হয়েছিল তাকে।
সর্বশেষ গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ে ইডিমা ধরা পড়ে। এর ফলে গেটাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে বার্সেলোনার দুটি ম্যাচে খেলা হয়নি তার। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফেরার পর আবারও চোটের শঙ্কা তৈরি হওয়ায় এবার আগে থেকেই সতর্ক হচ্ছে বার্সা।
গত রোববার (৮ নভেম্বর) মেট্রোপলিটানোতে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও রাফিনহার বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন। ব্রাজিলের হয়ে তার খেলার সময় নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়ে ফ্লিক বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্রাজিলের হয়ে তার খেলার সময়টা যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমি খুশি হবো।’

স্পোর্টস ডেস্ক