মিরপুর টেস্ট
শুরু হয়েছে ঝুম বৃষ্টি, বাংলাদেশকে দিতে পারে বাড়তি সুবিধা
মিনিট পাঁচেক আগেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করেছিলেন আম্পায়ার। দুই দলই চলে যায় ড্রেসিংরুমে। এরপরই মিরপুরে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। তবে এই বৃষ্টি বাংলাদেশের জন্য ‘সাপে বর’ হতে পারে। বের হয়ে যেতে থাকা ম্যাচে আবারও ফেরাতে পারে বাংলাদেশকে।
আজ শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪.১ ওভার ব্যাট করে কোনো উইকট না হারিয়ে ৬৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে আছে ১০৬ রানে।
১২টা ৫৫ মিনিটে আম্পায়াররা বন্ধ ঘোষণা করেন খেলা। এরপর ১২টা ৫৮ মিনিট থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। এখনো চলছে বৃষ্টি। কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেটসহ মাঠের অনেকটা অংশ। মাঠের অনেক জায়গায়ই পানি জমে গেছে। ফলে বৃষ্টি শেষেও খেলা শুরু হতে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়।
তবে খেলা শুরু হলে বাংলাদেশ পেতে পারে অতিরিক্ত সুবিধা। বৃষ্টির ফলে তৈরি শীতল আদ্রতা প্রভাব ফেলবে উইকেটে। এতে বল কিছুটা নিচু হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সেটি বাড়তি সুবিধা দিতে পারে বাংলাদেশের স্পিনারদের।
উইকেট পাচ্ছে না বাংলাদেশ, বেরিয়ে যাচ্ছে ম্যাচ
কোনো উইকেট না পেলেও প্রথম ওভারটা দারুণ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপরই দুই দল মধ্যাহ্ন বিরতিতে যায়। বিরতে থেকে ফিরে বাংলাদেশের বলে আর তেমন ধার দেখা যাচ্ছে না। চাপও তৈরি করতে পারছেন না তাইজুল ইসলাম-মিরাজরা। উল্টো বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার ব্যাট করে কোনো উইকট না হারিয়ে ৫৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে আছে ১১৬ রানে।
নাঈমের হাফসেঞ্চুরিতে লড়াকু পুঁজি বাংলাদেশের
আজ চতুর্থ দিনের সকালটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। ম্যাচে টিকে থাকতে হলো যতটুকু পারা যায় স্কোরবোর্ডে রান যোগ করতে হতো। সেজন্য বড় দায়িত্ব ছিল শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী অনিকের। কিন্তু দিনের শুরুতেই হতাশ করে ফেরেন তিনি।
তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাঈম হাসান। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের লিড দেড়শ ছাড়িয়ে নিয়ে গেছেন তিনি। ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। উইকেটের অবস্থা বলছে, লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ।
চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভার ব্যাট করে ১৪২ রান তুলেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে লিড পেয়েছিল ২৭ রানের। ফলে দুই ইনিংস মিলিয়ে এখন টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৬৯ রানে।
চতুর্থ দিনের সকালটা যে কঠিন হবে সেটি অনুমেয়ই ছিল। একে তো গতকাল থেকে উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছিলেন, তার ওপর সকালের ফ্রেশ উইকেট। এই অবস্থায় উইকেটে টিকে থাকাটাই মূল লক্ষ্য। তবে সেটি পারলেন না জাকের। দিনের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের স্লোয়ারে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিলেন তিনি। ৩৪ বলে ২২ রানের ইনিংসের সমাপ্তি হলো।

ক্রীড়া প্রতিবেদক