মিরপুর টেস্ট
উইকেট পাচ্ছে না বাংলাদেশ, বেরিয়ে যাচ্ছে ম্যাচ
কোনো উইকেট না পেলেও প্রথম ওভারটা দারুণ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপরই দুই দল মধ্যাহ্ন বিরতিতে যায়। বিরতে থেকে ফিরে বাংলাদেশের বলে আর তেমন ধার দেখা যাচ্ছে না। চাপও তৈরি করতে পারছেন না তাইজুল ইসলাম-মিরাজরা। উল্টো বাংলাদেশের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার ব্যাট করে কোনো উইকট না হারিয়ে ৫৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে আছে ১১৬ রানে।
নাঈমের হাফসেঞ্চুরিতে লড়াকু পুঁজি বাংলাদেশের
আজ চতুর্থ দিনের সকালটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। ম্যাচে টিকে থাকতে হলো যতটুকু পারা যায় স্কোরবোর্ডে রান যোগ করতে হতো। সেজন্য বড় দায়িত্ব ছিল শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী অনিকের। কিন্তু দিনের শুরুতেই হতাশ করে ফেরেন তিনি।
তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাঈম হাসান। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের লিড দেড়শ ছাড়িয়ে নিয়ে গেছেন তিনি। ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। উইকেটের অবস্থা বলছে, লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ।
চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভার ব্যাট করে ১৪২ রান তুলেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে লিড পেয়েছিল ২৭ রানের। ফলে দুই ইনিংস মিলিয়ে এখন টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৬৯ রানে।
চতুর্থ দিনের সকালটা যে কঠিন হবে সেটি অনুমেয়ই ছিল। একে তো গতকাল থেকে উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছিলেন, তার ওপর সকালের ফ্রেশ উইকেট। এই অবস্থায় উইকেটে টিকে থাকাটাই মূল লক্ষ্য। তবে সেটি পারলেন না জাকের। দিনের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের স্লোয়ারে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিলেন তিনি। ৩৪ বলে ২২ রানের ইনিংসের সমাপ্তি হলো।

ক্রীড়া প্রতিবেদক