বেন্টন-অ্যাটকিনসনের নৈপূন্যে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
পার্থে প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে হলে বড় কিছু করে দেখাতে হতো ইংল্যান্ডকে। অ্যাডিলেডে ঠিক সেটাই করে দেখাল ইংলিশরা। টম বেন্টনের সেঞ্চুরি আর গাস অ্যাটকিনসনের বিধ্বংসী বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না তারা। স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
আজ রোববার (১৫ নভেম্বর) অ্যাডিলেডে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৪৪.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২২০ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। ১৩৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল ইংলিশরা।
অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মিচেল মার্শ। তবে তার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে খুব বেশি সময় নেননি ইংলিশ ব্যাটাররা। যদিও দলীয় ১৯ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে বেন ডাকেটের উইকেট হারিয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের।
সেই ধাক্কা সামলে শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান জো রুট ও টম বেন্টন। দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন দারুণ এক জুটি। ৬৮ বলে ৫টি চারের সাহায্যে ৬২ রান করে রুট আউট হলেও অন্যপ্রান্তে আপন ছন্দে ব্যাট চালাতে থাকেন বেন্টন। অধিনায়ক হ্যারি ব্রুক ৫ রান করে দ্রুত ফিরে গেলেও ৮৬ বলেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বেন্টন।
শেষ পর্যন্ত সাজঘরে ফেরার আগে ১২ চার ও ৪ ছক্কায় ৯৯ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেন্টন। তার বিদায়ের পর ইংলিশদের রানের গতি আরও বাড়িয়ে দেন জর্ডান কক্স ও উইল জ্যাকস। কক্স মাত্র ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ঝোড়ো ৬৭ রান। আর জ্যাকস ৪০ বলে অপরাজিত থাকেন ৫৪ রান করে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রানের পাহাড়সম সংগ্রহ পায় ইংল্যান্ড।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইংলিশ পেসারদের বোলিং তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। বিশেষ করে গাস অ্যাটকিনসনের গতি ও সুইংয়ে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা।
ইনিংসের শুরুতেই ট্রাভিস হেড (৭), কুপার কনোলি (০) ও জশ ইংলিস দ্রুত ফিরে গেলে মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অসিরা। এর আগে মিচেল মার্শকে ব্যক্তিগত ২ রানে ফেরান সনি বেকার।
তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিন। দুজনে মিলে ৯৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করলেও রানরেটের চাপ সামলাতে পারেননি। রেনশ ৬৩ ও গ্রিন ৬৪ রান করে বাঁহাতি স্পিনার লিয়াম ডসনের শিকার হন।
এই জুটি ভাঙার পরই দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। স্যাম কারান জোড়া আঘাত হানলে লেজের ব্যাটাররা টিকতেই পারেননি। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে মাত্র ২২০ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের হয়ে মাত্র ২৮ রান খরচ করে একাই ৪টি উইকেট শিকার করেন গাস অ্যাটকিনসন। এছাড়া ডসন ও কারান নেন দুটি করে উইকেট। আগামী ১৮ নভেম্বর হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক