মেসির অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক
বয়স কেবলই একটি সংখ্যা—এই কথাটি আবারও সত্য প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। অসাধারণ এক বছর কাটানোর পর এবার কানাডার প্রভাবশালী প্রকাশনা ‘ভ্যান্টিক্স ম্যাগাজিন’-এর বিচারে ২০২৬ সালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফরোয়ার্ড।
কানাডার এই বিখ্যাত ম্যাগাজিনের বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত লড়াইয়ে মেসির সঙ্গে ছিলেন বর্তমান সময়ের চার বড় তারকা—কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, হ্যারি কেইন ও লামিনে ইয়ামাল। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বর্ষসেরা ফুটবলারের পুস্কার নিজের করে নিলেন আর্জেন্টাইন সেনসেশন।
২০২৬ সালজুড়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দারুণ ছন্দে ছিলেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জার্সিতে ২৬টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া কনকাকফ চ্যাম্পিয়নস কাপে দুই ম্যাচে এক গোল এবং লিগস কাপে দুই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। বিশেষ করে, ২০২৬ সালের বিশকাপে দুর্দান্ত পারফর্ম করে ৮ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্টের সুবাদে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
চলতি বছর এমএলএসে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জেতার পাশাপাশি লিগের সেরা খেলোয়াড়ের লড়াইয়েও নিজের নাম লিখিয়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা এই অবিশ্বাস্য ধারাবাহিকতার জন্যই তাকে বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছে ভ্যান্টিক্স ম্যাগাজিন।
ভ্যান্টিক্স ম্যাগাজিনের এই পুরস্কার ছাড়াও ২০২৬ সালটি ব্যক্তিগত অর্জনে বেশ সমৃদ্ধ করে তুলেছে মেসির ক্যারিয়ার। এর আগে রেকর্ড ১৮তম বারের মতো ফিফপ্রো বর্ষসেরা পুরুষ একাদশে জায়গা করে নেওয়ার পাশাপাশি ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার’ও অর্জন করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক