মিরপুর টেস্ট
হতাশার সেশন কাটিয়ে চা-বিরতিতে গেল বাংলাদেশ
হতাশার একটি সেশন গেল বাংলাদেশের। একটু আগে যেই উইকেটে যাওয়া-আসার মিছিল করল বাংলাদেশ। সেখানেই এখন রানের ফুলঝুড়ি ফোটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট পেয়েছেন বাংলাদেশ। সেটি নিয়েই চা-বিরতিতে গেল স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ২৭ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে ১৮৩ রানে। ৬৫ বলে ৫৩ রানে জন ক্যাম্পবেল আর ৭৭ বলে ২১ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দ্রপল।
ক্যারিবীয়ানতের ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর চলে গেছে আরও ২২ ওভার। আরও তিন বোলারের হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক। তবে কেউই প্রতিদান দিতে পারেননি। বাংলাদেশও আর কোনো উইকেটের দেখা পায়নি। স্বাগতিকদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় উইকেটে ১৩৩ বলে ৬০ রানের জুটি গড়েছেন দুই ক্যারিবীয়ান ব্যাটার জন ক্যাম্পবেল আর তেজনারায়ণ চন্দ্রপল। ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যাম্পবল। চা-বিরতি থেকে ফিরে ক্যাম্পবলকে আটকাতে না পারলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে ম্যাচ।
ক্যাচ মিসের পর হাসানের আঘাত, প্রথম উইকেট বাংলাদেশের
একটু আগেই হাসান মাহমুদের বলে পয়েন্টে ক্যাচ ফেলে দিয়েছিলেন নাঈম হাসান। সেই হতাশা পোড়ালেও প্রথম উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না বাংলাদেশের। হাসানই বাংলাদেশকে এনে দিলেন প্রথম উইকেট। ফেরালেন ব্র্যান্ডন কিংকে।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ক্যারিবীয়ান ওপেনার জন ক্যাম্পবেল সহজ ক্যাচ দিয়েছিলেন নাঈমকে। তিনি পয়েন্টে তিনি সেটি তালুবন্দি করতে পারেননি। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে এবার আরেক ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন তিনি।
হাসানের করা ওভারের শেষ বলটি খেলা নিয়ে দ্বিধায় ছিলেন ব্যাটার ব্র্যান্ডন কিং। অফস্ট্যামের কিছুটা বাইরের বলে শেষ পর্যন্ত ব্যাট চালালেন তিনি। তবে সংযোগটা ঠিক মতো হলো না। ব্যাট ছুঁয়ে বল চলে গেল উইকেটরক্ষক জাকের আলী অনিকের গ্লাভসে। ২০ বলে ১৫ রান করে ফিরলেন কিং।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট বাংলাদেশ
বড় রানের আশা নিয়েই দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ, হাতে তখনো বাকি ছিল ৭ উইকেট। কিন্তু কিছুই হলো না। দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করতে পারল মোটে ২১.৪ ওভার। ফলে বড় রান তো দূরে থাক তিনশ রানও পূরণ করতে পারেনি বাংলাদেশ। থেমেছে আড়াইশ পেরিয়েই। বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয়ানদের স্পিন বিষে। নিজেদের প্রথম ইনিংসে ৯৭.৪ ওভারে ২৭২ রান করে থেমেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক