সাফ চ্যাম্পিয়নশিপ
হামজা-শমিতের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ
ম্যাচ শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নাভিশ্বাস তুলে লঙ্কানদের। ফলাফল পেতেও দেরি হয়নি। শুরুর দিকেই তুলে নেয় একটি গোল। এরপর প্রথমার্ধের শেষদিকে দৃষ্টি নন্দন গোলে গ্যালারি মাতিয়ে তুলেন হামজা।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ওপর আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটেই গোটা তিনেক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে জাল খুঁজে পাচ্ছিল না স্বাগতিকরা। বাঁধা হয়ে দাঁড়াচ্ছিলেন শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরা।
তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের নবম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন শমিত সোম। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে গোললাইনের কাছে থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান হামজা চৌধুরী। ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠেছিল ফারহান আলী ওয়াহিদ।
তবে বলের নাগাল পাননি তিনি। বল গ্লাভসবন্দি করতে পারেননি শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরাও। বল পেয়ে যান শমিত। দারুণ প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
মিনিট দুয়েক পরে বাংলাদেশের রক্ষণে ভীতি তৈরি করেছিল শ্রীলঙ্কাও। তবে এবারও বাংলাদেশের ত্রাতা হয়ে দেখা দেন শমিত। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সের ঢুকে পড়েছিলেন লঙ্কান ফরোয়ার্ড। শট নেওয়ারেআগ মুহূর্তে সেটি ব্লক করে দেন শমিত।
ম্যাচের ১৫তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আরেকবার আক্রমণে ওঠে বাংলাদেশ। এবার বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে বক্সের মধ্যে ক্রস বাড়ান রাকিব হোসেন। বিপদ আঁচ করতে পেরে কর্ণারের বিনিময়ে সেটি রক্ষা করে লঙ্কানরা। সেই কর্ণার থেকেও সুযোগ তৈরি হয়েছিল। তবে এবার হামজার বুলেট গতির শট চলে যায় বাইরে দিয়ে।
ম্যাচের ২২তম মিনিটে আরও একবার শ্রীলঙ্কানদের বুকে কাপন ধরিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বক্সের মধ্যে লং বল থেকে প্রথমে হেডের চেষ্টা করেন হামজা। তবে গোলরক্ষক এগিয়ে আসায় সেটি ঠিকমতো হয়নি। কিন্তু ফিরতি বলও পেয়ে যান হামাজ। সেখান থেকে দারুণ একটি ব্যাক হিলে গোলের চেষ্টা করেছিলেন। তবে বলটা চলে যায় সামান্য উপর দিয়ে।
বাংলাদেশের আক্রমণ সামলে সুযোগ পেলেই কাউন্টার আক্রমণের চেষ্টা করছিল শ্রীলঙ্কা। সেখান থেকেই ম্যাচের ৩৬তম মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল তারা। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল লঙ্কানরা। তবে সেটি বিপদ হওয়ার আগেই ক্লিয়ার করে দেয় বাংলাদেশ।
মিনিট দুয়েক পরে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। এবারও ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বামপ্রান্তে বল সুইচ করে শ্রীলঙ্কা। সেই বল রিসিভ করে বক্সের ঢুকে ছয়গজ বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল লঙ্কান ফরোয়ার্ড। তবে সেই বল কাউকেই খুঁজে না পাওয়ায় বেঁচে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কা যখন গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠছিল তখনই ব্যবধান দ্বিগুন করেন হামজা। ক্ষিপ্রগতিতে মার্কারকে পেছনে ফেলে মাঝ মাঠ থেকে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন হামজা। এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর আর কোনো দল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক