সাফ চ্যাম্পিয়নশিপ
দাপুটে ফুটবলে শুরুতেই এগিয়ে গেল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নাভিশ্বাস তুলে ছাড়ছে লঙ্কানদের। শুরুতেই আদায় করে নিয়েছে গোলও।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ওপর আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটেই গোটা তিনেক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে জাল খুঁজে পাচ্ছিল না স্বাগতিকরা। বাঁধা হয়ে দাঁড়াচ্ছিলেন শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরা।
তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের নবম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন শমিত সোম। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে গোললাইনের কাছে থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান হামজা চৌধুরী। ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে উঠেছিল ফারহান আলী ওয়াহিদ।
তবে বলের নাগাল পাননি তিনি। বল গ্লাভসবন্দি করতে পারেননি শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরাও। বল পেয়ে যান শমিত। দারুণ প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
মিনিট দুয়েক পরে বাংলাদেশের রক্ষণে ভীতি তৈরি করেছিল শ্রীলঙ্কাও। তবে এবারও বাংলাদেশের ত্রাতা হয়ে দেখা দেন শমিত। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে বক্সের ঢুকে পড়েছিলেন লঙ্কান ফরোয়ার্ড। শট নেওয়ারেআগ মুহূর্তে সেটি ব্লক করে দেন শমিত।
ম্যাচের ১৫তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আরেকবার আক্রমণে ওঠে বাংলাদেশ। এবার বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে বক্সের মধ্যে ক্রস বাড়ান রাকিব হোসেন। বিপদ আঁচ করতে পেরে কর্ণারের বিনিময়ে সেটি রক্ষা করে লঙ্কানরা। সেই কর্ণার থেকেও সুযোগ তৈরি হয়েছিল। তবে এবার হামজার বুলেট গতির শট চলে যায় বাইরে দিয়ে।

স্পোর্টস ডেস্ক