ফ্রান্স নাকি স্পেন, পরিসংখ্যানে কারা এগিয়ে?
বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। এই লড়াইকে ফুটবলবোদ্ধারা অভিহিত করছেন ‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে। এক দিকে এমবাপ্পের গতির ঝড়, অন্য দিকে স্পেনের নিখুঁত পজেশন ফুটবল—সব মিলিয়ে আজ রাতে এক ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের এই ফুটবল মহারণ।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্স। শিরোপার অন্যতম বড় দাবিদার তারা। ফরাসিদের অলস্টার আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে। উড়ন্ত ছন্দে থাকা এই তারকা আছেন গোল্ডেন বুটের দৌড়েও।
এমবাপ্পের সঙ্গে মাইকেল ওলিসে, ওসমানে দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়েদের নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ যে কোনো রক্ষণভাগের জন্য বড় দুঃস্বপ্ন।
অন্যদিকে, লুইস ডি লা ফুয়েন্তের অধীনে স্পেন খেলছে অত্যন্ত ঠান্ডা মাথার ফুটবল। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে সুযোগ তৈরি করার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। যদিও টুর্নামেন্টের শুরুতে কেপভার্দের বিপক্ষে হোঁচট খেয়েছিল, কিন্তু এরপর থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।
পরিসংখ্যান অবশ্য কথা বলছে স্পেনের পক্ষেই। এখন পর্যন্ত মোট ৩৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে ১৮ বার আর ফ্রান্সের জয় ১৩ বার। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বমঞ্চের পরিসংখ্যানে আবার এগিয়ে আছে ফ্রান্স। ২০০৬ সালে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় পেয়েছিল ফ্রান্স। তবে সাম্প্রতিক সময়ে উয়েফা নেশন্স লিগ বা ইউরো ২০২৪-এর সেমিফাইনালে স্পেনের কাছে হারের তিক্ত স্মৃতিও ফ্রান্সের মাথায় আছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে স্পেনের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ২০২২ বিশ্বকাপের পর থেকে টানা ১৪ ম্যাচে অপরাজিত তারা। এই সময়ে কোনো ম্যাচেই তারা একটির বেশি গোল হজম করেনি। চলতি বিশ্বকাপেও ছয় ম্যাচ খেলে গোল হজম করেছে মোটে একটি।
অন্যদিকে, বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়তে মরিয়া ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে ওঠা ফরাসিরা যদি আজ জিততে পারে, তবে তারা জার্মানি ও ব্রাজিলের মতো এলিট ক্লাবের তালিকায় নাম লেখাবে।

স্পোর্টস ডেস্ক