অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় থেকে বিরতিতে ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুটা দারুণ করল ব্রাজিল। কিন্তু ভালো খেলতে খেলতেই যেন খেই হারিয়ে ফেলল সেলেসাওরা। দ্রুতই দুই গোল হজম করে পিছিয়ে পড়ল। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তের গোলে সমতায় থেকেই বিরতিতে গেছে তারা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ গোলের সমতায় থেকে বিরতিতে গেছে দুই দল।
প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল। ফলাফল পেতেও সময় লাগেনি। ম্যাচের তৃতীয় মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন ভ্যান্ডারসন। গ্যাব্রিয়েল বোন্তেম্পোর দুর্দান্ত পাস ধরে বক্সের ডান দিক থেকে নেওয়া জোড়ালো শটে বল জালে জড়ান তিনি।
এর চার মিনিট পরই আবারও গোলের সুযোগ তৈরি করেছিল সেলেসাওরা। জটলার ভেতর থেকে রাফিনহার পর পর দুটি শট দারুণ দক্ষতায় সেভ করে অস্ট্রেলিয়াকে বড় বিপদ থেকে বাঁচান গোলরক্ষক প্যাট্রিক বিচ।
ম্যাচের ২৮তম মিনিটে সমতায় ফেরায় অস্ট্রেলিয়া। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে ছয় গজ বক্সের খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান আলেসান্দ্রো চিরকাতি।
ম্যাচের ৩৩তম মিনিটে অবিশ্বাস্য এক গোল করে অসিরা। চিরকাতির পাস ধরে ডিবক্সের বেশ কিছুটা বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি বুলেট গতির শটে বল জালে জড়িয়ে দেন কনোর মেটক্যাফ। ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৪২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ তৈরি করে ব্রাজিল। রাফিনহার পাসে বক্সের বাম দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের শট এবং পরবর্তীতে কর্নার থেকে জাইর কুনহার নেওয়া হেডার দারুণভাবে ব্লক করে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ।
তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে আর ব্রাজিলকে আটকে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। ম্যাচের ৪৩তম মিনিটে বক্সে দানিলো সান্তোসকে ফাউল করায় ভিএআর মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথার বাঁ পায়ের শটে জালের নিচের ডান কোণ দিয়ে বল পাঠিয়ে ব্রাজিলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান রাফিনহা। এই সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

স্পোর্টস ডেস্ক