চূড়ান্ত হলো ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) ভিন্নভাবে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডি থ্রি ট্রফি নামে হচ্ছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টের ঘোষণার দিনই চূড়ান্ত হয়েছিল আইকন ক্রিকেটার। এবার ছয় দলের কোচও চূড়ান্ত হলো।
এর আগে গত রোববার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন টুর্নামেন্টের ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। আর আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো দলগুলোর ম্যানেজমেন্ট ড্রাফট, যার মূল আকর্ষণ ছিল প্রধান কোচ বেছে নেওয়া।
ড্রাফটের নিয়মানুযায়ী, প্রথম ডাক দেওয়ার সুযোগ পেয়েছিল ব্লু-স্টার। সুযোগ লুফে নিয়ে তারা প্রধান কোচ হিসেবে দলে ভিড়িয়েছে দেশের অন্যতম সফল কোচ সোহেল ইসলামকে।
এরপর দ্বিতীয় সুযোগ পেয়ে একমি গ্রুপ তাদের হেড কোচ হিসেবে বেছে নেয় জাতীয় দলের সাবেক সফল ক্রিকেটার রাজিন সালেহকে। তৃতীয় দল হিসেবে ডাক পেয়ে সিটিজেন গ্রুপ তাদের প্রধান কোচ হিসেবে দলে টেনেছে অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুলকে।
পরবর্তীতে চতুর্থ ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফরচুন গ্রুপ তাদের ডাগআউটের দায়িত্ব তুলে দিয়েছে দেশের ক্রিকেটের অন্যতম সফল ও পরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিনের হাতে। সেভেন রিংস সিমেন্ট দলটির কোচ হিসেবে যুক্ত করেছে সাবেক পেসার তালহা জুবায়েরকে। আর ষষ্ঠ দল হিসেবে ওয়ালটন গ্রুপ প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে জাতীয় দলের সাবেক সফল স্পিনার আব্দুর রাজ্জাককে।
ডি থ্রি ট্রফির এই আসরে অংশ নেওয়া ৬ দলের আইকন ক্রিকেটার হিসেবে আগেই চূড়ান্ত হয়েছেন দেশের তারকারা। সেভেন রিংস সিমেন্টের আইকন হিসেবে খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ।
এছাড়া ফরচুনের আইকন মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়, একমির আইকন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু স্টারের আইকন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং সিটিজেন গ্রুপের আইকন হিসেবে থাকছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

স্পোর্টস ডেস্ক