জানা গেল কবে মিলবে ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
দরজায় কড়া নাড়ছে আরও একটি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে এবারের আসর। কেপটাউনে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথভাবে সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
তিন দেশে অনুষ্ঠেয় বৈশ্বিক এই আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর)। বিশ্বকাপ শুরুর এক বছর আগে আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু করতেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে টিকিট বিক্রির প্রাথমিক নিবন্ধনও চালু করা হবে। তবে সেদিন থেকেই সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না। আগ্রহী দর্শকদের প্রথমে টিকিটের ব্যালটে অংশ নিতে নিবন্ধন করতে হবে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ বিশ্বকাপ শুরু হতে পারে ২ অক্টোবর। প্রায় দেড় মাসের টুর্নামেন্ট শেষে ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফাইনাল।
১৪ দলের মধ্যে ১০টি জায়গা নিশ্চিত হচ্ছে
আগামী বুধবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া ১৪ দলের ১০টির জায়গা নিশ্চিত হওয়ার কথা রয়েছে। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছে। অন্য সহ-আয়োজক দেশ নামিবিয়াকে অবশ্য বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নিতে হবে।
এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের মাধ্যমে সুযোগ পাওয়ার তালিকায় আছে ভারত (এক নম্বর), নিউজিল্যান্ড (দুই নম্বর), পাকিস্তান (চার নম্বর), অস্ট্রেলিয়া (পাঁচ নম্বর), ইংল্যান্ড (ছয় নম্বর), শ্রীলঙ্কা (সাত নম্বর), আফগানিস্তান (আট নম্বর) ও বাংলাদেশ (নয় নম্বর)। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকলেও সরাসরি সুযোগ পেয়ে যাচ্ছে। কারণ তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবেই জায়গা পেয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ এখন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। তাদের বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্ব পার হতে হবে। বাছাইপর্ব হবে আগামী বছরের শুরুর দিকে।
বাকি চারটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। সেখানে সহযোগী দেশগুলোর পাশাপাশি পূর্ণ সদস্য ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকেও মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে হবে।
নতুন ফরম্যাটে হবে বিশ্বকাপ
২০২৭ বিশ্বকাপের জন্য এরই মধ্যে নতুন প্রতিযোগিতা কাঠামো প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্টের শুরুতেই র্যাংকিংয়ে পিছিয়ে থাকা তিন দলকে নিয়ে হবে একটি রাউন্ড-রবিন পর্ব। তিন দলের মধ্যে শীর্ষে থাকা দলটি পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে।
এরপর শুরু হবে মূল গ্রুপপর্ব। ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপে রাখা হবে ছয়টি করে দল। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের সেরা তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা অবস্থানে থাকা একটি দল-মোট সাত দল-উঠবে সুপার সেভেন পর্বে।
সুপার সেভেনে রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ২১টি ম্যাচ। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।
সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। অন্য ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল। দুই ম্যাচের জয়ীরা উঠে যাবে ফাইনালে।
সবশেষে ফাইনালের জয়ী দলই হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্ক