সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান
প্রথম ওয়ানডেতে শোচনীয় হারে ব্যাকফুটে বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগেই ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে।
বোলিংয়ে আজও শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করে তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগে উইকেট হারায় স্বাগতিকরা। ৮ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। এবারও তাসকিন। ইনোসেন্ট কাইয়াকে (৪) বানান মেহেদী হাসান মিরাজের ক্যাচ।
দ্রুত উইকেট হারালেও নিজেদের সামলে নেয় জিম্বাবুয়ে। পরিস্থিতির চাহিদা বুঝে একটু একটু করে এগোয় দলটি। এসবের মাঝে ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেন নাহিদ রানা। এরপর জিম্বাবুয়ের হাল ধরেন সিকান্দার রাজা। ৩৩ রান আসে তার ব্যাট থেকে।
পরের সময়টুকু বেন কারানের। বাংলাদেশি বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নেন তিনি। ব্র্যাড ইভান্সকে নিয়ে সপ্তম উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি।
কারান ১৩৫ বলে ৯টি চারে ১১১ রানে অপরাজিত থাকেন। ইভান্স ঝড় তোলে ৩৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট পান। নাহিদ রানা ও রিশাদ হোসেন পান একটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক