এশিয়ান গেমসে নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ
পূর্ণ শক্তির দল দিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চার দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। তবে চূড়ান্ত ছিল না প্রতিপক্ষ। এবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হলো। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে পেছনে থাকা দলগুলো নিজেদের মধ্যে একটি রাউন্ড খেলবে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্সআপ হওয়া দলগুলো খেলবে কোয়ার্টার ফাইনালে।
বাংলাদেশের খেলার কথা ছিল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ওমান। কিন্তু টানা বৃষ্টির কারণে এই ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।
পয়েন্ট ভাগাভাগি শেষে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্সআপ হংকং। আর এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। আজ এই গ্রুপে নেপাল ও জাপানের খেলার কথা ছিল। কিন্তু এই ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে গেছে। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে স্বাগতিক জাপানকে।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান, পাকিস্তানের হংকং আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল।
আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের খেলা মঙ্গলবার বেলা ১১টায়। সেদিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক