কুসংস্কার থেকে মেসিদের বাঁচাতে আর্জেন্টাইন সমর্থকদের নতুন বন্দোবস্ত
মাঠে লিওনেল মেসির আর্জেন্টিনা যখন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ জয়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন মাঠের বাইরে শুরু হয়েছে এক ভিন্ন ধরনের লড়াই। এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এবং আর্জেন্টিনার জনপ্রিয় কুসংস্কারবিরোধী শব্দ ‘আনুলো মুফা’। সমর্থকদের বিশ্বাস, নেতিবাচক ভবিষ্যদ্বাণী ঠেকাতে এই শব্দই তাদের বড় অস্ত্র।
সবকিছুর সূত্রপাত ঘানার এক তান্ত্রিক নানা কোয়াকু বোনসামের মন্তব্য থেকে। তিনি দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২- এর ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দেবে কেপ ভার্দে। এমনকি নিজের আধ্যাত্মিক শক্তি কেপ ভার্দের পক্ষে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নজরে আসে আর্জেন্টাইন সমর্থকদের। এরপরই শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া।
হাজার হাজার সমর্থক একযোগে ‘আনুলো মুফা’ লিখে ওই ভবিষ্যৎবাণীকে ‘বাতিল’ করার চেষ্টা করছেন। আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল সংস্কৃতিতে ‘মুফা’ শব্দের অর্থ অপয়া বা দুর্ভাগ্যের প্রতীক। আর ‘আনুলো মুফা’ মানে সেই অপয়া বার্তাকে বাতিল ঘোষণা করা।
২০২২ কাতার বিশ্বকাপেও এই শব্দবন্ধটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিপক্ষের যেকোনো বড় দাবি বা নেতিবাচক মন্তব্যের জবাবে সমর্থকেরা এটি ব্যবহার করতেন।
এবারও কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একই কৌশল অবলম্বন করেছেন আর্জেন্টাইন ভক্তরা।

স্পোর্টস ডেস্ক