জেলের ১১৩ ইউরোতেই সুখ খুঁজে পান আলভেজ!
একসময় ফুটবল মাঠে ছিল রাজত্ব, ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো লাখ লাখ ইউরো। ইউরোপের নামিদামি ক্লাবে খেলেছেন, জিতেছেন একের পর এক শিরোপা। অথচ জীবনের সবচেয়ে বড় সুখের অনুভূতি নাকি পেয়েছেন কারাগারের চার দেয়ালের ভেতরে! যেখানে মাসে আয় ছিল মাত্র ১১৩ ইউরো। সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের জীবনের এই অদ্ভুত উপলব্ধি এখন নতুন করে আলোচনায়।
যৌন নিপীড়নের অভিযোগে স্পেনের কারাগারে কাটাতে হয়েছে ১৪ মাস। পরে আদালতে নির্দোষ প্রমাণিত হলেও সেই বন্দিজীবনই বদলে দিয়েছে তার জীবনদর্শন। ফুটবল ক্যারিয়ারে কোটি কোটি ইউরো উপার্জন করেও যে সুখ ও পরিপূর্ণতা খুঁজে পাননি, কারাগারে ঈশ্বরের প্রতি বিশ্বাসের মধ্য দিয়ে নাকি সেটিই খুঁজে পেয়েছেন আলভেজ।
আলভেজ এখন ধর্মপ্রচারক। সম্প্রতি এক ধর্মীয় বক্তৃতায় বার্সেলোনার কাছে ব্রায়ান্স ২ কারাগারে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি। জানান, কারাগারের ভেতরে কাজ করে মাত্র ১১৩ ইউরো আয় করতেন। কিন্তু সেই সামান্য অর্থ উপার্জনেও খুঁজে পেয়েছিলেন অন্যরকম আনন্দ। শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি লাখ লাখ ইউরোয় আয় করতাম। জেলে ১১৩ ইউরো পেতাম, কিন্তু লাখ লাখ ইউরো আয়ের চেয়েও ওই সময়ে আমি বেশি সুখে ছিলাম।’
ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং কারাগারের অভিজ্ঞতা কীভাবে তার জীবনকে বদলে দিয়েছে, সেটিও তুলে ধরেছেন সাবেক এই বার্সেলোনা তারকা। নিজের আধ্যাত্মিক উপলব্ধির কথা জানিয়ে আলভেজ বলেন, ‘আমি অনেক প্রশ্ন করি। আমি তার সামনে একজন শিশু। আমি তাকে সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করি।’
সম্প্রতি ধারাবাহিকভাবে ধর্মীয় বক্তৃতা দিয়ে যাচ্ছেন আলভেজ। ধর্মপ্রচারক হওয়ার পর থেকে বিভিন্ন জনসমক্ষে নিজের কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি। একই সঙ্গে বর্ণনা করছেন, কীভাবে সেই কঠিন সময় তার মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন এনেছে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও গভীর করেছে।
৪৩ বছর বয়সী আলভেজ ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। পরে ওই বছরের মার্চে ১০ লাখ ইউরো জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তিনি। এর আগে ১৪ মাস কারাগারে কাটাতে হয়েছিল তাকে।
তবে মামলার মোড় ঘুরে যায় পরের বছর। ২০২৫ সালের মার্চে কাতালুনিয়ার শীর্ষ আদালত আপিলে আলভেজের সাজা বাতিল করে তাকে নির্দোষ ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের রায়ে বেশ কিছু অসঙ্গতি ছিল এবং তার নির্দোষিতা নাকচ করার মতো পর্যাপ্ত প্রমাণও পাওয়া যায়নি।
ফুটবল মাঠে অবশ্য আলভেজের অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ। বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইর মতো ইউরোপের শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন তিনি। জিতেছেন ঘরোয়া ও মহাদেশীয় পর্যায়ের অসংখ্য শিরোপা। ৪৬টি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে পরিচিত এই রাইটব্যাক।
বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল, জিতেছেন ২৩টি শিরোপা। জুভেন্টাসের হয়ে সিরি আ এবং পিএসজির হয়ে ফরাসি লিগ শিরোপাও জিতেছেন। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলার পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা। কিন্তু এত অর্জন, অর্থ আর খ্যাতির পরও জীবনের সবচেয়ে সুখের সময় হিসেবে কারাগারের দিনগুলোকেই সামনে আনছেন আলভেজ।

স্পোর্টস ডেস্ক