অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের দাপট, বিরতিতে গেল এগিয়ে থেকে
ফলাফল যেন আগেই অনুমেয় ছিল। অস্টিয়ার বিপক্ষে নিজেদের আধিপত্য দেখাবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর পথে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছে স্পেন। প্রথমার্ধ শেষে এগিয়ে থেকে বিরতিতে গেছে লা রোহা।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় শেস ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন আর অস্ট্রিয়া। প্রথমার্শ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে লা রোহারা।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। প্রথম দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপে পড়ে অস্ট্রিয়া। মাঝে এক-দুটি আক্রমণ করলেও স্পেনের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি তারা।
৩৬তম মিনিটে মিকেল ওইয়ারজাবালের গোলে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে গড়ে ওঠা আক্রমণে মার্ক কুকুরেলা নিচু ক্রস বাড়ান, সেখান থেকে নিখুঁত ফিনিশে জালে বল জড়ান ওইয়ারজাবাল।
এর আগে একবার গোল পেলেও ফাউলের কারণে সেটি বাতিল হয় স্পেনের। এরপরও আক্রমণের ধার কমায়নি তারা। লামিনে ইয়ামাল ও দানি ওলমোর গতিময় ফুটবল অস্ট্রিয়ার রক্ষণকে চাপে রাখে পুরো প্রথমার্ধজুড়ে।
পরিসংখ্যান বলছে, ম্যাচে একচেটিয়া আধিপত্য স্পেনের। প্রথমার্ধে ৬৪ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নিয়েছে তারা, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, অস্ট্রিয়া মাত্র ২টি শট নিতে পেরেছে, যার একটিও লক্ষ্যে ছিল না।
বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘদিন পর জয় খুঁজতে নামা স্পেন এই ম্যাচে দারুণ ছন্দে আছে। পরিসংখ্যান ও খেলার ধারা- দুটোই বলছে, দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে জয় নিশ্চিত করতে পারে তারা।

স্পোর্টস ডেস্ক