বিশ্বকাপের আগে হোঁচট খেল ফ্রান্স-স্পেন
২০২৬ বিশ্বকাপের পর্দা উঠতে আর এক সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। দলগুলো ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। বিশ্বমঞ্চে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো।
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে মাঠে নেমেছিল এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দুই দেশ ফ্রান্স ও স্পেন। কিন্তু বিশ্বকাপের আগে দুই দলই ঘরের মাঠে হোঁচট খেয়েছে।
তারকায় ঠাসা স্পেন ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল এশিয়ার দেশ ইরাকের। তুলনামূলক দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপের মিশনে নামতে যাওয়া দলটি। বর্তমান রানার্সআপ ফ্রান্সের অবস্থা তো আরও খারাপ। ঘরের মাঠে তারা মুখোমুখি হয়েছিল আইভরিকোস্টের। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেই বসেছে তারা।
ফিফা র্যাংকিংয়ে ইরাকের সঙ্গে স্পেনের পার্থক্য ৫৪ ধাপ। সর্বশেষ আপডেট অনুযায়ী স্পেন আছে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আর ইরাকের অবস্থান ৫৬তম। অন্যদিকে, আইভরিকোস্টের সঙ্গে ফ্রান্সের পার্থক্য ৩০ ধাপ। বর্তমানে ফ্রান্স আছে র্যাংকিংয়ের ৩ নম্বরে আর আইভরিকোস্ট ৩৩তম স্থানে।
অবশ্য বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এবং স্কোয়াডের শক্তি যাচাই করতে সব রকমের পরীক্ষা-নিরীক্ষা করেন কোচ। এই দুই ম্যাচেও সেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম আর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেন তো মূল একাদশের বেশ কয়েক ফুটবলারকে ছাড়াই মাঠে নেমেছিল এই ম্যাচে।
ম্যাচে স্পেনের কোচ ফুয়েন্তে শুরুর একাদশের ১১জন ফুটবলারকেই পরিবর্তন করেছেন। ফ্রান্সের দেশম বাজিয়ে দেখেছেন গোলরক্ষক বাদে সব ফুটবলারকে। তাই এই ম্যাচের ফলাফল নিয়ে ভাবছেন না তারা।

স্পোর্টস ডেস্ক