মার্টিনেজের দলবদলের নতুন গুঞ্জন, কোন ক্লাবে যাচ্ছেন?
গত কয়েকটি মৌসুমে দলবদলের সময় আসলেই গুঞ্জন ওঠে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের দলবদলের। তবে শেষ পর্যন্ত আর সেটি হয় না। চলতি মৌসুমের শুরুতেও উঠেছিল সেই গুঞ্জন। আবার থেমেও গিয়েছিল সেটি। দলবদলের সময় প্রায় শেষদিকে এরই মাঝে আবারও গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকার দলবদলের গুঞ্জন।
ইএসপিএন জানিয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার কাছে প্রস্তাব পাঠিয়েছে চেলসি। আর্জেন্টাইন গোলরক্ষককে পেতে দুই ক্লাবই বর্তমানে দর-কষাকষিতে ব্যস্ত। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে চেলসির বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজের জায়গায় স্টামফোর্ড ব্রিজে দেখা যেতে পারে সবার প্রিয় ‘দিবু’কে।
মূলত জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভেড়ানোর পর থেকেই মার্টিনেজকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে অ্যাস্টন ভিলা। তরুণ সুজুকিকে ভবিষ্যতের এক নম্বর গোলরক্ষক হিসেবে পরিকল্পনা করছে ক্লাবটি। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চায় চেলসি। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই অভিজ্ঞ এই আর্জেন্টাইন তারকাকে নিজেদের শিবিরে টানতে মরিয়া তারা।
সম্প্রতি ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স বেশ সমালোচিত হয়েছে। তার গোলকিপিংয়ের দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠায় নতুন গোলরক্ষকের খোঁজ শুরু করে ব্লুজরা।
শুরুতে গুঞ্জন ছিল, গত মৌসুমে স্ট্রাসবুর্গে ধারে খেলা ২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে মূল দলে সুযোগ দেওয়া হবে। তবে প্রিমিয়ার লিগের পরীক্ষিত ও অত্যন্ত নির্ভরযোগ্য মুখ মার্টিনেজকে পাওয়ার সুযোগ আসায় নিজেদের পরিকল্পনা কিছুটা বদল করেছে চেলসি।
এদিকে দলের খেলোয়াড়দের গড় বয়স কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে অ্যাস্টন ভিলার। যে কারণে মার্টিনেজকে বিক্রি করার ব্যাপারে তারা বেশ ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল থেকে ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ।

স্পোর্টস ডেস্ক