বিশ্বকাপ জিতে অভিনব পুরস্কার পেলেন স্পেনের দুই ফুটবলার
বিশ্বকাপ জয়ের পর নায়কোচিত সংবর্ধনা তো ছিলই। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যতিক্রমী একটি উপহার। স্পেনের দুই বিশ্বজয়ী ফুটবলার ফাবিয়ান রুইস ও গাভিকে তাদের শরীরের ওজনের সমান টমেটো উপহার দিয়ে সম্মান জানিয়েছে জন্মশহর লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজ শহরে ফেরেন ফাবিয়ান রুইস পেনা ও পাবলো পায়েজ গাভিরা, যিনি গাভি নামেই বেশি পরিচিত। শহরজুড়ে উচ্ছ্বসিত মানুষের উপস্থিতিতে বীরের মর্যাদায় বরণ করে নেওয়া হয় দুই ফুটবলারকে।
স্থানীয় প্রশাসন তাদের সম্মানে শরীরের ওজনের সমান টমেটো উপহার দেয়। কৃষিপণ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলের অন্যতম পরিচিত পণ্য টমেটো। তাই নিজেদের ঐতিহ্যের প্রতীক হিসেবেই এই অভিনব সম্মাননা দেওয়া হয়েছে।
এতেই শেষ নয়। দুই বিশ্বজয়ী ফুটবলারের সম্মানে পৌরসভার দুটি ফুটবল মাঠের নামকরণ করা হয়েছে ফাবিয়ান রুইস ও গাভির নামে। পাশাপাশি তাদের অবদান স্মরণীয় করে রাখতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।
বিশ্বকাপজয়ী দুই তারকার প্রতি এমন ব্যতিক্রমী সম্মান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে স্থানীয় ঐতিহ্য আর ক্রীড়া সাফল্যের এক অনন্য মেলবন্ধন হিসেবে দেখছেন।

স্পোর্টস ডেস্ক