চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে কারা? রাতে লিগ পর্বের ড্র ও সূচি নির্ধারণ
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট ও বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার এই লড়াইয়ের ২০২৬-২৭ মৌসুমের বাছাইপর্বের লড়াই শেষ হয়েছে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নেওয়া ৩৬টি দল নিশ্চিত হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে লিগ পর্বের ড্র। সেখানেই নির্ধারণ হবে ম্যাচের পূর্ণাঙ্গ সূচি। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর বিখ্যাত গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র।
যেভাবে নির্ধারিত হবে ৩৬ দল
নতুন ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৩৬টি ক্লাব। এর মধ্যে সরাসরি ২৯টি দল মূলপর্ব নিশ্চিত করেছে। আর বাকি সাতটি দল প্লে-অফ পেরিয়ে জায়গা করে নিয়েছে মূলপর্বে।
যেভাবে হবে ড্র
ইউরোপীয় প্রতিযোগিতায় গত পাঁচ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে উয়েফার ক্লাব কো-এফিসিয়েন্ট অনুযায়ী দলগুলোকে চারটি আলাদা পটে রাখা হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে পট-১ এ সরাসরি জায়গা পেয়েছে পিএসজি।
ড্রয়ের নিয়ম অনুযায়ী, পট-১ এর দলগুলোর ড্র দিয়ে অনুষ্ঠান শুরু হবে। প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলবে। এভাবে একে একে সব পটের ড্র সম্পন্ন করে দলগুলোর প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করা হবে।
নতুন ফরম্যাটের নিয়মকানুন
৩৬টি দলকে একটি মাত্র যৌথ লিগ টেবিলে রাখা হবে। ড্রয়ে নির্ধারিত আটটি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে খেলবে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল আগামী বছরের ফেব্রুয়ারিতে খেলবে নকআউট প্লে-অফ। সেখান থেকে জয়ী দলগুলো শেষ ষোলোর বাকি স্থানগুলো পূরণ করবে। অন্যদিকে, ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলোর জন্য ইউরোপীয় প্রতিযোগিতার দরজা জানুয়ারিতেই বন্ধ হয়ে যাবে।
মুখোমুখি হতে পারবে না একই দেশের ক্লাব
ড্রয়ের ক্ষেত্রে থাকছে বিশেষ নিয়ম। একই দেশের দুটি ক্লাব লিগ পর্বে একে অপরের মুখোমুখি হতে পারবে না। যেমন- আর্সেনাল চাইলেও ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের বিপক্ষে খেলতে পারবে না।
ড্রয়ের সরাসরি সম্প্রচার
ফুটবলপ্রেমীরা উয়েফার অফিশিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে এই ড্র সরাসরি উপভোগ করতে পারবেন।
সরাসরি মূলপর্বে উঠা দলগুলো
ইংল্যান্ড : অ্যাস্টন ভিলা, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল
ইতালি : ইন্টার মিলান, নাপোলি, এএস রোমা, কোমো
স্পেন : বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস
জার্মানি : বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, ভিএফবি স্টুটগার্ট
ফ্রান্স : প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), লঁস, লিল
নেদারল্যান্ডস : পিএসভি আইন্দহোভেন, ফেইনুর্দ
পর্তুগাল : পোর্তো, স্পোর্টিং সিপি
বেলজিয়াম : ক্লাব ব্রুগা
চেক প্রজাতন্ত্র : স্লাভিয়া প্রাগ
তুরস্ক : গালাতাসারাই
ইউক্রেন : শাখতার দোনেৎস্ক
প্লে-অফ থেকে মূলপর্বে উঠা দলগুলো
সাবাহ (আজারবাইজান), বোডো/গ্লিমট (নরওয়ে), লাস্ক (অস্ট্রিয়া), এইকে এথেন্স (গ্রিস), ভাইকিং (নরওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া) ও ফেনেরবাচে (তুরস্ক)

স্পোর্টস ডেস্ক