শান্তর কাঠগড়ায় মিরপুরের উইকেট
দীর্ঘ বিরতির পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। আগামীকাল শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।
মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে দলের প্রস্তুতি এবং মিরপুরের উইকেট নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। বিশেষ করে মিরপুরের উইকেটের কারণে ব্যাটারদের ক্যারিয়ারের গড়ে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সরাসরি মন্তব্য করেছেন শান্ত।
মিরপুরে খেলেন বলেই কি ব্যাটিং গড় বা স্ট্রাইক রেট কম? এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল। সবসময় অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করা লেগেছে। যদি ভালো উইকেটে খেলতাম বা আগে যারা খেলেছে তারা ভালো উইকেটে খেলত হয়ত গড় বা স্ট্রাইক রেট আরও ভালো অবস্থায় থাকত। তবে এটা তো খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই।’
তবে আশার কথা হলো, টনি হেমিং এর আগমনে বদলাতে শুরু করেছে মিরপুরের চিত্র। সাম্প্রতিক সিরিজগুলোতে অনেকটাই স্পোর্টিং উইকেটের দেখা মিলেছে মিরপুরে। যদিও সেগুলো সাদা বলের ক্রিকেট ছিল। তবে শান্তর আশা, আস্তে আস্তে সব ফরম্যাটেই ভালো হবে মিরপুরের উইকেট। ব্যাটাররাও ভালো ব্যাটিং করতে পারবে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের উইকেট ভালো হবে বলেই আশা করছেন শান্ত। তিনি বলেন, ‘ভালো উইকেট হবে আশা করছি। উইকেট যেমনই থাকুক, ভালো পেসার ও স্পিনার দুই-ই আছে আমাদের। তাই প্রপার স্পোর্টিং উইকেট থাকলেই ভালো। তবে আবহাওয়ার ওপরও উইকেট নির্ভর করে। এসব জায়গায় মানিয়ে নিতে হবে।’
দলের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘গত সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সেটা অতীত হয়ে গেছে। তবে ওই সিরিজ আমাদের বাড়তি একটা আত্মবিশ্বাস দিবে। এই সিরিজে আমাদের আবার ভালো খেলতে হবে। প্রতিটি দিন ভালো ক্রিকেট খেলতে হবে তাহলে হয়ত ফলাফল পক্ষে আসবে। রেকর্ড নিয়ে চিন্তা করছি না। প্রতিদিন ভালো খেলা ইম্পরট্যান্ট।’

স্পোর্টস ডেস্ক