এশিয়ান গেমসের স্কোয়াডে শান্তকে রাখা নিয়ে যা বললেন সালাউদ্দিন
চলতি মাসেই অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। শুরুতে এশিয়ান গেমসে এইচপি দল পাঠানোর চিন্তা করলেও ভারত-পাকিস্তানের মূল দল পাঠানো দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে সিদ্ধান্ত হয় পূর্ণ শক্তির দল পাঠানোর। ইতোমধ্যে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বোর্ড।
বাংলাদেশের খেলা সর্বশেষ সিরিজ থেকে তিনটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অনেকটা চমক হিসেবেই আছেন নাজমুল হোসেন শান্ত। এক সময় টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু এরপর ব্যাটিংয়ে অধারাবাহিকতার কারণে স্কোয়াড থেকেই বাদ পড়েন তশান্ত। ছিলেন না লম্বা সময় টি-টোয়েন্টি দলে।
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তর স্কোয়াডে ডাক পাওয়া নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, সেরা ১৫ জনই এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন।
সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশের ১৫ প্লেয়ারই খেলবে। কে আসলো-গেল এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো সেরা ১৫ খেলোয়াড় দিয়েছে কিনা। শান্ত সেরা ১৫জন খেলোয়াড়ের একজন। টি-টোয়েন্টিতে সে নতুন প্লেয়ার না। সর্বশেষ যখন খেলেছে তখনও খারাপ খেলেনি। এই ফরম্যাটে ওর অনেক সেঞ্চুরি আছে। মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হবে না। অভিজ্ঞ ব্যাটার পেয়েছি, দলের উপকার হবে।’
মূলত এইচপি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। বিসিবি এই দলকেই এশিয়ান গেমসে পাঠানোর কথা চিন্তা করেছিল বিসিবি। তবে অন্য দলগুলোর দল ঘোষণা দেখে বাংলাদেশও সিদ্ধান্ত বদলায় বলে জানালেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘প্রথমে এইচপি দল যাওয়ার কথা ছিল। যখন দেখলাম অন্যান্য দেশ, পুরো জাতীয় দল পাঠাচ্ছে, সেখানে আমরা কেন পাঠাব না? এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। আমাদের ফাইনালে যাওয়ার সহজ সুযোগ আছে যদি ভালো খেলি।’
এশিয়ান গেমসের ২০তম আসর অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়ায়। আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের। ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা–র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এই চার দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের ম্যাচ আগামী ২৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

স্পোর্টস ডেস্ক