দক্ষিণ আফ্রিকায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শান্তর
সর্বশেষ কয়েকটি টেস্টে ব্যাট হাতে সময়টা একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের হতাশা পেছনে ফেলে এবার প্রোটিয়াদের মাটিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
অতীতের ব্যর্থতা নিয়ে বেশি না ভেবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ঘুরে দাঁড়াতে পুরোপুরি আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের আগে আজ শনিবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত।
শান্ত বলেন, ‘মানসিকভাবে সবাই খুব ভালো অবস্থানে আছে। এটা সত্য যে আমাদের গত দুই-তিনটি ম্যাচ আশানুরূপ হয়নি। তবে পেছনের কথা না ভেবে সামনে কীভাবে ভালো করা যায়, সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা কোথায় ভুল করেছি এবং কোন জায়গায় উন্নতি করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের জন্য সহজ নয়। তবুও নিজেদের সেরাটা দিয়ে ভালো ম্যাচ উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন একেবারেই ভিন্ন, তবুও নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে এবং পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে আমরা ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’
দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক পিচ ও কন্ডিশন নিয়ে শান্তর ভাবনা বেশ পরিষ্কার। তিনি মনে করেন, এই কন্ডিশনে পেসারদের দায়িত্ব যেমন বেশি থাকবে, তেমনি অভিজ্ঞ স্পিনাররাও বড় ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখনও পুরোপুরি কন্ডিশন দেখার সুযোগ হয়নি। তবে এখানে পেসাররা বাড়তি সুবিধা পাবে এটা নিশ্চিত। আমাদের পেস বোলারদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে, আর স্পিনাররা সহযোগিতা করলে আমরা দারুণ একটা লড়াই করতে পারব।’
অতীতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি স্মরণ করে শান্ত বলেন, ‘অতীতে আমরা এখানে ওয়ানডে সিরিজ জিতেছি, যা আমাদের দলের জন্য বড় একটা আত্মবিশ্বাসের উৎস। আমাদের সামনে প্রমাণ আছে যে এই কন্ডিশনেও ভালো খেলা এবং ম্যাচ জেতা সম্ভব। তবে দিনশেষে মাঠে নিজের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে হবে।’
দলের সামর্থ্য ও বোলিং আক্রমণ নিয়ে নিজের বিশ্বাসের কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমার নিজের দলের ওপর ভীষণ বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে কোনো অর্জনই সম্ভব নয়। আমাদের পুরো দল বিশ্বাস করে যে, আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের বোলিং বিভাগ সম্প্রতি দারুণ করছে। কেবল এক বা দুই ইনিংস কিংবা একটি সিরিজ দিয়ে পুরো দলকে বিচার করা উচিত নয়। আশা করছি, এই সিরিজে নতুন বল থেকে শুরু করে সব বিভাগেই আমাদের বোলাররা দারুণ করবে ইনশাআল্লাহ।’

স্পোর্টস ডেস্ক