দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তাসকিনরা
টেস্টে ব্যর্থতার হতাশা পেছনে ফেলে এবার সাদা বলের লড়াইয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের একের পর এক ব্যর্থতায় যখন চাপে টাইগাররা, তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে ঘিরে নতুন আশার কথা শোনালেন পেসার তাসকিন আহমেদ। অতীতের স্মৃতি নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই জয় তুলে নিতে চান তারা।
আজ রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে ওয়ানডে সিরিজের পরিকল্পনা ও দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন এই পেসার। টেস্ট সিরিজে হতাশাজনক হারের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। এর মধ্যে গত তিন মাসে খেলা ১০টি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি টাইগাররা। এমন পরিস্থিতিতে ওয়ানডে সিরিজে ভালো শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
তাসকিন বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কীভাবে ভালো খেলে শুরু করা যায়। যদিও সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল। যদিও সেটা অনেক দিন আগে। আশা থাকবে কীভাবে সিরিজ জেতা যায়। এর চেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কীভাবে ভালো শুরু করা যায়।’
দলের বর্তমান মানসিক অবস্থা নিয়ে তাসকিন জানান, সবাই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। কয়েকজন ক্রিকেটার সাদা বলের প্রস্তুতি নিয়ে দেশে থেকেই এসেছেন। তবে ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সবাই।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিল্যাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া… বাড়তি চাপ নিলে এক্সিকিউশন ভালো হয়ে যাবে এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায় সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’
সাম্প্রতিক সময়ে দলের হতাশাজনক পারফরম্যান্স প্রসঙ্গে তাসকিনের মতে, সিরিজের প্রথম ম্যাচই হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। জয় দিয়ে শুরু করতে পারলে পুরো দলের আত্মবিশ্বাসেও ইতিবাচক প্রভাব পড়বে।
এই পেসার বলেন, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে… এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি যেহেতু দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।’
সব মিলিয়ে টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। তবে সেই প্রত্যাবর্তনের জন্য শুধু প্রত্যাশা নয়, মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে তাসকিনদের। এখন দেখার বিষয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই জয়ের ধারায় ফিরতে পারে কি না টাইগাররা।

স্পোর্টস ডেস্ক